যানজট জলাবদ্ধতা পানির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে মালিবাগ চৌধুরীপাড়া, অন্যদিকে বাড্ডা। মাঝের পুরো সড়কে স্থবির হয়ে আছে অসংখ্য যানবাহন। ৫ মিনিট, ১০ মিনিট কাটছে—গাড়ি এগোচ্ছে না। তীব্র এ যানজটের দৃশ্য গতকাল বুধবার বেলা দুইটার। বেশি যানবাহন আটকে আছে রামপুরা সেতুর কাছে। গত মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকেও একই চিত্র ছিল সেখানে। এলাকাবাসী জানান, এখন প্রতিদিন যেকোনো সময়ে এ অবস্থা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২২ নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচ লাখ বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী ও যাত্রীরা যানজটে এখন নাজেহাল। রামপুরা, হাজীপাড়া, উলন নিয়ে গঠিত এই ওয়ার্ডের বড় সমস্যা কী—জানতে চাইলে অনেকেই বলেছেন, যানজট। এ ছাড়া রয়েছে রাস্তাঘাটের ভগ্নদশা, জলাবদ্ধতা, পানির ভোগান্তি, মশার উপদ্রব। আরও আছে রামপুরা থেকে মৌচাকমুখী উড়ালসড়ক নির্মাণের কারণে এলাকাবাসীর নানা বিড়ম্বনা। গতকাল সকালে আধা ঘণ্টার বৃষ্টিতেই এলাকার কিছু স্থানে তিন ঘণ্টা জলাবদ্ধতা হয়।
অসহনীয় যানজট কেন: রামপুরার বাসিন্দা নূরজাহান প্রীতি বলেন, যানজটের কারণে মেয়েকে ভিকারুননিসা স্কুলে আনা-নেওয়ায় ভোগান্তিতে পড়তে হয় তাঁকে। পূর্ব রামপুরার বাসিন্দা ব্যবসায়ী নাসিরউদ্দিন আহমেদ বলেন, যানজট এমন অসহনীয় হয়ে উঠেছে যে এলাকা থেকে অনেক ভাড়াটে চলে গেছেন। বেশির ভাগ বাড়িতে ‘টু-লেট’ ঝুলছে। তাঁর নিজ বাড়িতে দুটি ফ্ল্যাট খালি হয়েছে, ভাড়া হচ্ছে না।
খোঁজ নিয়ে ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, এলাকায় যানজটের অন্যতম কারণ বনশ্রী থেকে গাড়ি বেরোনোর পথ বদল করে দেওয়া। আগে বনশ্রী আফতাবনগর থেকে গাড়ি রামপুরা টেলিভিশন ভবনের উত্তর দিকে খালের পাশ কাটিয়ে ডানে মোড় নিয়ে বাড্ডার দিকে যেত। পথ বদল করে দেওয়ায় এখন বনশ্রী থেকে গাড়ি বেরিয়ে বাঁয়ে মোড় নিয়ে অন্তত ২০০ গজ ঘুরে আসছে।
টেলিভিশন ভবনের দক্ষিণে একটি সরু রাস্তা আছে, একসঙ্গে দুটি গাড়ি চলতে পারে না। উলনের দাসপাড়ার বাসিন্দা মোহিতুর রহমান বলেন, পুরো ২২ নম্বর ওয়ার্ড এলাকায় প্রধান সড়কে অগোছালোভাবে পাঁচটি বর্জ্য রাখার কনটেইনার রয়েছে। এগুলো যানজট বাড়াচ্ছে। দেখা গেল, রামপুরা বাজার থেকে কিছু দূরে বেঢপভাবে রয়েছে একটি কনটেইনার। তাহলে এগুলো কোথায় রাখা উচিত—এ প্রশ্নে মোহিত বলেন, সরকার কত কাজে জায়গা অধিগ্রহণ করে। প্রয়োজনে কনটেইনার রাখার জন্য জায়গা নিক।
যানজটের আরেকটি কারণ প্রধান সড়কে প্রচুর রিকশা, রিকশাভ্যান ও ঠেলাগাড়ির চলাচল। এ বিষয়ে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুদরতউল্লাহর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বছর দুয়েক আগে যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সমন্বয় সভায় মৌচাক থেকে নিকুঞ্জ পর্যন্ত প্রধান সড়ক রিকশামুক্ত করার সিদ্ধান্ত ছিল। কিন্তু পরে এ বিষয়ে আর নির্দেশনা পাওয়া যায়নি।
আধা ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা: আবহাওয়া অধিদপ্তরের মতে, গতকাল সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ১০টা ২০ পর্যন্ত প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়। এ বৃষ্টিতে ২২ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা দেখা যায়। রামপুরা টেলিভিশন ভবনের সামনে, হাজীপাড়া পেট্রলপাম্প এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকেও অনেক পানি আটকে থাকতে দেখা যায়। ঢাকা ওয়াসার লোক সময়মতো না আসায় স্থানীয় জনগণই পানি অপসারণে রাস্তায় নামেন। পেট্রলপাম্পের সামনে ম্যানহোল খোলারও চেষ্টা করেন তাঁরা। এ ছাড়া উলন ও হাজীপাড়ার অলিগলিতে জলাবদ্ধতা হয়। হাজীপাড়ার ব্যবসায়ী এনায়েতুর রহমান, রামপুরার গোলাম মোস্তফা, উলনের গৃহবধূ সম্পা খান জলাবদ্ধতা সম্পর্কে বলেন, বর্ষা আসার আগেই এ অবস্থা। বর্ষায় কী হবে? ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেন, প্রধান সড়কে জলাবদ্ধতা দূর করার দায়িত্ব ওয়াসার। ডিএনসিসি অলিগলিতে কিছু পাইপলাইন দিয়েছে। সামনে আরও দেওয়া হবে।
নির্বাচনী ভাবনা: চার বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর নেই। পূর্ব রামপুরার বাসিন্দা ওয়াকিল হোসেন বলেন, নির্বাচন ছাড়া আসলেই বিকল্প নেই, সেটা জাতীয় নির্বাচন বা সিটি করপেরেশন, যা-ই হোক। জামতলা এলাকার ব্যবসায়ী মোতালেব হোসেন বলেন, কাউন্সিলর না থাকায় তাঁদের সুবিধা-অসুবিধা দেখার কেউ নেই। জবাবদিহিও নেই। গত প্রায় পাঁচ বছরে তা হাড়ে হাড়ে বুঝেছেন।
পশ্চিম হাজীপাড়ার মাহবুবুল হক বলেন, গত পাঁচ বছরে এলাকায় মশার ওষুধ ছিটাতে দেখেননি। জনপ্রতিনিধি থাকলে বলতে পারতেন। তাঁর স্ত্রী ফল্লরা বেগম বলেন, পানির ট্যাপে ময়লা পানি আসে, ওয়াসার লোককে বলে কোনো কাজ হয় না।
বাসিন্দাদের আশা, সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে নতুন মেয়র ও কাউন্সিলর বিভিন্ন বিষয়ে নজর দেবেন। এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি-সমর্থিত মো. আক্কেল আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভেবেছিলেন নির্বাচন করবেন না। কিন্তু এলাকার কিছু বাসিন্দা তাঁকে ছাড়ছেন না। গত বছরগুলোয় এলাকায় রাস্তাঘাটের তেমন উন্নতি না হলেও যানবাহন, ঘরবাড়ি, মানুষ প্রচুর বেড়েছে। অন্য সমস্যাও বেড়েছে।