যানজট ঠেলে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ
রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। পবিত্র ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা ছাড়ছেন মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর স্টেশন, তিনটি আন্তজেলা বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। বিকেলের দিকে তা জনস্রোতে পরিণত হয়।
নগরের যানজট ঠেলে ঘরমুখী মানুষকে টার্মিনাল ও স্টেশনে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়। উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে। আটকা পড়ে ঢাকামুখী কোরবানির পশুবাহী অসংখ্য ট্রাক। গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কে দুটি ট্রাক বিকল হয়ে সৃষ্ট ওই যানজট ছিল দিনভর।
ঈদ উপলক্ষে ট্রেনে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হবে আজ শুক্রবার। তবে গতকাল বিকেলে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, বিকেলের ট্রেনগুলো যাত্রীতে কানায় কানায় পূর্ণ। নোয়াখালীগামী উপকূল ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত কুমার সাহা বলেন, ‘শেষের দিকে ভিড় হবে ভেবে ঈদের প্রায় এক সপ্তাহ আগে যাচ্ছি। কিন্তু তাতেও রেহাই নেই। ট্রেনে মানুষ আর মানুষ।’
রেলের কর্মকর্তারা জানান, উপকূল ট্রেনের সব টিকিট আগেই শেষ হয়ে গেছে। গতকাল প্রচুর আসনবিহীন টিকিট বিক্রি হয়েছে। তাঁরা জানান, পূজার কারণেই এবার অগ্রিম টিকিটের যাত্রার আগেই এমন ভিড়।
দুপুরের দিকে গাবতলী টার্মিনালের উল্টো পাশে হানিফ পরিবহনের নিজস্ব টার্মিনালে শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে বাসের অপেক্ষায় ছিলেন। সেখানে কথা হয় নুরুল ইসলাম, হাসানুল হক, মনিরা সিদ্দিক ও তাঁর স্বামী মাসরুর সিদ্দিকের সঙ্গে। মাসরুর ও মনিরা বলেন, ঈদের পর রাজনৈতিক অঙ্গনে কী হবে এই নিয়ে শঙ্কা আছে। আর ছুটিও পাওয়া গেছে লম্বা। তাই আগে আগে বাড়ি গিয়ে ঈদের পরদিন ফিরে আসার পরিকল্পনা রয়েছে।
কল্যাণপুরে শ্যামলী এবং এস আর পরিবহনের টিকিট কাউন্টারের সামনেও শামিয়ানার নিচে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের দেখা গেছে।
সদরঘাট টার্মিনাল: কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, দুপুর থেকে ঘরমুখী মানুষকে লঞ্চ টার্মিনালে আসতে দেখা গেছে। সন্ধ্যা নাগাদ মানুষের ঢল নামে লঞ্চ টার্মিনালে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) রকেট স্টিমার পি এস মাহসুদ ও অস্ট্রিচ কানায় কানায় পূর্ণ যাত্রী নিয়ে সদরঘাট ত্যাগ করে। ঘরমুখী মানুষের চাপে গুলিস্তান থেকে সদরঘাটমুখী সড়কে দিনভর তীব্র যানজট ছিল।
বরিশালের ভান্ডারিয়াগামী এমভি ফারহান-১-এর টিকিট কেটে দুপুর থেকে সদরঘাটে অবস্থান করছিলেন হেলাল মিয়া। তিনি বলেন, যানজট ঠেলে টার্মিনালে এসে হকার ও ভবঘুরেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে গেছেন। বরিশালগামী পারাবত-২-এর যাত্রী সোহানা ইসলাম বলেন, টার্মিনালে কুলিদের দৌরাত্ম্য আর সহ্য হয় না।
অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার ঢাকা নদীবন্দরের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, আজ শুক্রবার যাত্রী আরও বাড়বে। যাত্রীর চাহিদা বিবেচনা করে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে।
মহাসড়কে যানজট: গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার রেলওয়ে উড়ালসড়কের ওপর সকালে দুটি পশুবাহী ট্রাক বিকল হয়ে যায়। এতে মহাসড়কের সূত্রাপুর, কালিয়াকৈর, চন্দ্রা, সফিপুর, কোনাবাড়ী এলাকায় তীব্র যানজট হয়। ফলে যাত্রীবাহী বাস ও কোরবানির পশুবাহী ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে। চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখী মানুষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, যানজট নিরসনে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোনাবাড়ীতে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজামেঞ্চল হক বলেন, কোনাবাড়ীতে রাস্তা ভাঙা। পশু ও পণ্যবাহী ট্রাক ওই স্থান ধীরগতিতে অতিক্রম করার জন্যও যানজট হচ্ছে।