যানজট থাকায় রক্ষা...
বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে চারটি শিশুকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাচ্ছিল একজন অপহরণকারী। অনেক দূর চলে যাওয়ার পর সিএনজি অটোরিকশাটি যানজটের কবলে পড়ে। এ সময় শিশুগুলোর কান্নার শব্দ শুনে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। অবস্থা বেগতিক দেখে সটকে পড়ে অপহরণকারী। পরে টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ শিশুগুলোকে উদ্ধার করে।শিশুগুলো হলো: টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি গ্রামের আলমগীর হোসেনের সন্তান সজিব রানা (১১) ও মুন্নি আক্তার (৬), পাশের কাবিলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. নাসির (১০) ও আলহাজ মিয়ার ছেলে রবিনহুড (৯)।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার সকালে সজিব, নাসির ও রবিন পোড়াবাড়ি গ্রামের লাল মিয়ার মাঠে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরছিল। ওই সময় সজিবের বোন মুন্নি একই গ্রামে অবস্থিত নানার বাড়ি যাচ্ছিল। পথে ভাইয়ের সঙ্গে তার দেখা হয়। এ সময় সিএনজি অটোরিকশার এক চালক বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের অটোরিকশায় তুলে নিয়ে গাজীপুরের দিকে যেতে থাকে। একপর্যায়ে অটোরিকশাটি মির্জাপুর বাইপাস স্টেশনে যানজটের কবলে পড়ে। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা শিশুগুলো কান্নাকাটি করছিল। কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে চালক অটোরিকশাসহ শিশুগুলোকে ফেলে পালিয়ে যায়।গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি বলেন, কান্নার শব্দ শুনে তাঁরা এগিয়ে যান। এ সময় শিশুগুলো কান্না করছিল। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ শিশুগুলোকে উদ্ধার করে। তিনি বলেন, যানজট সব সময় মানুষের দুর্ভোগ বাড়ালেও আজ এই যানজটের কারণেই শিশুগুলো অপহরণকারীর হাত থেকে রক্ষা পেয়েছে।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুগুলোকে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে।