যানজট দিয়ে দিনের শুরু

নুসরাত সুলতানা ঠিক সোয়া সাতটায় ভূতের গলির বাসা থেকে বের হন। লালমাটিয়ায় মেয়ের স্কুল। আটটায় স্কুল ধরতে এখন গাড়িতেই ছোটখাটো সংসার পেতেছেন। মেয়ের চিরুনি-ফিতা গাড়িতে থাকে। ঢাকনাওয়ালা মগ কিনে নিয়েছেন। সকালের চা-টাও এখন গাড়িতেই পান করেন। তারপরও গত দুই সপ্তাহ প্রতিদিন মেয়েকে স্কুলে ছাড়তে তাঁর দেরি হচ্ছে।
নুসরাতের মতো অনেকেরই এখন এই হাল। দুর্বিষহ যানজট দিয়ে দিনের শুরু হচ্ছে ধানমন্ডিবাসীর। কেউ কেউ যখন সকালের শরীরচর্চা সেরে আঁটি বাঁধা শাক, এক ডজন ডিম বা দেশি ফল নিয়ে ধীর পায়ে বাড়ির পথে হাঁটছেন, তখন অধিকাংশ মানুষের দম ফেলার ফুরসত নেই। গলিগুলো উন্নয়নের নামে নানান জায়গায় খোঁড়া, কোনোরকমে সেটি পেরিয়ে মূল সড়কে উঠলেই ব্যক্তিগত গাড়ির স্রোত। এই স্রোতের সঙ্গে মিলেছে রিকশা, সাইকেল, সিএনজি স্কুটার, মাইক্রোবাস এমনকি আন্তজেলা বাসও। গতকাল রোববারও সকাল সাড়ে সাতটার দিকে পান্থপথে এক নারীকে দেখা গেছে গাড়ি রেখে পায়ে হেঁটে গন্তব্যের পথ ধরতে। সকাল সাড়ে আটটার দিকে শংকরে এক মা পিঠে ব্যাগ, আর কোলে মেয়েকে তুলে ঝুঁকি নিয়ে রাস্তা পেরোচ্ছিলেন। রিকশায়, গাড়িতে বেশ কটি শিশুকে দেখা গেছে গভীর ঘুমে। আর আটটা না বাজতে রাস্তায় জমেছে অফিস যাত্রীদের ভিড়। ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গতকাল ছিল শতাধিক মানুষের সারি। কখন একটি বাস আসবে আর মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তরা সেই বাসে কোনোরকমে নিজেদের গুঁজে দেবেন সেই ভাবনায় তাঁরা ছিলেন কাতর।
কেউ হঠাৎ এই শহরে এসে পড়লে দৃশ্য দেখে ভাবতে পারেন সাতসকালে ছায়ানট ভবনের সামনে মানববন্ধনের আয়োজন চলছে। এর মধ্যেই আবার নিয়মকানুনের তোয়াক্কা না করে উল্টো পথে ছুটছিল বেশ কিছু যানবাহন। এমনি এক রিকশাচালকের সঙ্গে কথা হয়। তাঁর নাম শফিকুল। বাড়ি গফরগাঁও। শোঁ শোঁ করে উল্টো পথে ছুটছিলেন।
এত যানজট কেন, এই প্রশ্নে উল্টো পথে চলা শফিকুল বলছিলেন, ‘ঠিক টাইমে আইতে হইলে ফাঁকে দিয়া যাইতে হয়। স্কুলের বাচ্চা নিই তো। সময়মতো না পৌঁছাইলে চলত না।’ পথচলতি নগরবাসীর এই যুদ্ধে প্রতিদিন শামিল থাকে ট্রাফিক পুলিশ। তারা মনে করে, রাস্তার তুলনায় গাড়ি বেশি। এ সমস্যা গোটা ঢাকার। কিন্তু ধানমন্ডির মূল সমস্যা আবাসিক এলাকায় গড়ে ওঠা অজস৶ স্কুল আর শপিং মল। সকাল সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত যানজটের সঙ্গে যুদ্ধ করে বেলা ১১টার দিকে জিরিয়ে নিচ্ছিলেন ট্রাফিক কনস্টেবল আনিছুর রহমান। একটি ব্যাংকের সামনের টুলে বসে প্রথম আলোকে তিনি বলেন, ‘একটা বাচ্চা, একটা গাড়ি। মাঝে মাঝে একটা মাইক্রোবাসে একটা বাচ্চা যায়। অনেকে নিয়মও মানে না। আমরা কিছু বললে বলে, ‘‘করেন দেড় টাকার চাকরি, চুপ কইরা থাকেন।’’’ তিনি মনে করেন, স্কুলগুলো যদি নিজেরাই উদ্যোগী হয়ে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে তাহলে এত যানজট হয় না।
এর আগে ২০১০ সালের এপ্রিলে একবার সরকার স্কুলগুলোকে শিক্ষার্থী পরিবহনে গাড়ি নামাতে বলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। গতকাল রোববার পর্যন্ত এ সিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি।
জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবীব বলেন, ‘নিয়মকানুন না মেনে ধানমন্ডিতে স্কুল হয়েছে প্রচুর। অর্থলিপ্সু বাড়িওয়ালারা বাসায় স্কুল ভাড়া দিচ্ছেন। মূল সড়কে অসংখ্য শপিং মল, রেস্তোরাঁ। এগুলোয় পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এ অনিয়ম দূর করার দায়িত্ব রাজউক ও সিটি করপোরেশনের। তারা দেখছে না।’
ইকবাল হাবীব আরও বলেন, রাজউকের ইমারত নির্মাণ বিধিমালায় বলা আছে, বহুতল আবাসিক ভবনের ক্ষেত্রে একটি ইউনিটের জন্য একটি পার্কিং, বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে প্রতি ২০০ বর্গমিটারের জন্য একটি, শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০ বর্গমিটারের জন্য একটি, রেস্তোরাঁয় ১০০ বর্গমিটারে একটি, হাসপাতালে প্রতি পাঁচ শয্যার জন্য একটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। সেই ব্যবস্থা নেই। সমাধান দেখেন কি না, এমন প্রশ্নে এই স্থপতি ও নগরবিদ বলেন, প্রতিবারই সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি উৎসাহী হয়ে ওঠেন। কাজ হয় না বলে কিছুদিন পর উৎসাহ হারিয়ে ফেলেন।