যানজট-দুর্ঘটনা রোধে প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্ঘটনা রোধে ও যানজট নিরসনে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। সব কাজে সেনাবাহিনী দেওয়া না গেলেও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এ ক্ষেত্রে সেনাবাহিনী কাজ করতে পারে। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গাড়ি চালনা প্রশিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। গাজীপুরে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস কারখানা প্রাঙ্গণে স্থাপিত ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে (টিটিটিআই) এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, অনেক ক্ষেত্রে সেনাবাহিনী নিযুক্ত করা বিতর্কিত হলেও সেতু রক্ষা, যানজট কমানো ও মানুষের দুর্ভোগ সহনীয় পর্যায়ে আনতে তাদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। টিটিটিআইয়ের পরিচালনা পরিষদের সভাপতি সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন টিটিটিআইয়ের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) আছাদুর রহমান খান। অনুষ্ঠান শেষে মন্ত্রী টিটিটিআইয়ের ওয়ার্কশপ ও শ্রেণীকক্ষ ঘুরে দেখেন।