যানজট নিরসন ও নিরাপত্তার জন্য কুমিল্লায় পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ১০০ কিলোমিটার এলাকায় যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার ৪৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়ককে পাঁচটি অংশে ভাগ করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ওই ৪৫০ জন ছাড়াও অতিরিক্ত ১০০ পুলিশ রিজার্ভ রাখা হয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের সেবা দেওয়ার জন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে এসব কাজ করছে।
জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন বলেন, কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে ফেনীর মোহাম্মদ আলী এলাকা পর্যন্ত ১০০ কিলোমিটার মহাসড়ক রয়েছে। এ মহাসড়ককে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এলাকাগুলোর অধীনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া মহাসড়কের প্রতি আট কিলোমিটার এলাকার মোটরসাইকেল দিয়ে দুজন করে পুলিশ টহল দেবে।
পুলিশ সুপার আরও জানান, ঈদ উপলক্ষে দুর্ঘটনাকবলিত যানবাহন সরাতে সাতটি রেকার মেশিন রাখা হয়েছে। দেশের প্রধান এ মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য পুলিশ প্রশাসন বেশ তৎপর রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা বলেন, মহাসড়কের কুমিল্লা জেলার এ অংশ দিয়ে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। গাড়ির সংখ্যা বেশি হওয়ায় এ সড়কে যানজট হচ্ছে। চার লেনের কারিগরি ও প্রকৌশলগত ত্রুটি থাকার কারণে গাড়িগুলো স্বাভাবিকভাবে যেতে পারছে না। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে।