যানজট নিরসন কোনো সিদ্ধান্তই কার্যকর হয়নি
নগরীতে সেবাদানকারী বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় সভায় রাজধানীর ১২টি জায়গার যানজট জরুরি ভিত্তিতে নিরসন করার প্রয়োজনয়ীতা উঠে আসে। গত ২৪ আগস্ট হওয়া ওই সভায় যানজট নিরসনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি।
ওই সভায় যে ১২টি জায়গার যানজট জরুরি ভিত্তিতে নিরসন করা প্রয়োজন বলে উল্লেখ করা হয় সেগুলো হলো ফার্মগেট, মহাখালী ইন্টার সেকশন, গুলশান অ্যাভিনিউ, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তা, বিজয় সরণি, কাকলী ইন্টার সেকশন, তিব্বতের সামনে, নতুনবাজার, গুলশান-বাড্ডা সংযোগ সড়ক, বিমানবন্দরের সামনের সড়ক, উত্তরা জসীমউদ্দীন মোড় ও মিরপুর ১০ নম্বর ইন্টারসেকশনের চারদিক।
নগরীতে সেবাদানকারী ২৬টি সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই আন্তবিভাগীয় সমন্বয় সভার আয়োজন করেছিল। সভার ১ নম্বর আলোচ্য বিষয় ছিল যানজট নিরসন। সেখানে ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে অবৈধ পার্কিং, নির্ধারিত জায়গায় যানবাহন না থামানো, সড়কের ধারণক্ষমতা ও পার্কিং সুবিধা বিবেচনা না করে যত্রতত্র বহুতল ভবনের অনুমতি দেওয়া ও আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকে চিহ্নিত করা হয়।
ঢাকার সবচেয়ে বেশি যানবাহন চলাচলকারী জায়গাগুলোর অন্যতম ফার্মগেট। নিয়ম না মেনে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে যানজট তীব্র হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) ঢাকার যানজট নিয়ে এ বছরের ২৬ জানুয়ারি একটি প্রবন্ধ প্রকাশ করে। আইজিসির প্রবন্ধে বলা হয়েছে, রাজধানীতে বিমানবন্দর, মহাখালী ও ফার্মগেটে যানবাহনের চাপ সবচেয়ে বেশি।
মহাখালীর উড়ালসড়কটি প্রায় ফাঁকা থাকলেও নিচের সড়কে যানজট লেগেই থাকে। ঘনঘন রেলগেট বন্ধ করা, গণপরিবহনগুলোর যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো ও সরু রাস্তার কারণে মহাখালীর যানজট কমছে না।
সম্প্রতি কাকলী মোড়ের যানজট ভয়াবহ রূপ নিয়েছে। বিমানবন্দর সড়কের দুই পাশ, বনানী ডিওএইচএস, কামাল আতাতুর্ক অ্যাভিনিউর চারদিক থেকে অসংখ্য যান কাকলী মোড়ে দাঁড়িয়ে থাকে। ২৪ আগস্টের সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, সড়কে কোনো যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না, বামে মোড় নেওয়ার জায়গা দখলমুক্ত রাখা হবে, বাস বে ও স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো এবং যাত্রী ওঠানো-নামানো যাবে না। এ ছাড়া ভবনের ভূগর্ভস্থ জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে। উল্লিখিত জায়গার যানজট কমাতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে এসব পদক্ষেপ নেওয়ার বিষয়ে উপস্থিত সরকারি কর্মকর্তারা একমত হয়েছিলেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সড়কের ধারণক্ষমতার তুলনায় যানবাহনের চাপ কয়েক গুণ বেশি। নগরে গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা নেই। পুলিশ অবৈধ পার্কিং এবং যত্রতত্র বাস দাঁড়ানো বন্ধ করতে প্রতিদিন মামলা দিচ্ছে। এই সমস্যা সমাধানে সবার সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’