যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের সিও বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান গতকাল বুধবার শুরু হয়েছে। যানজট নিরসনে দুপচাঁচিয়া পৌর কর্তৃপক্ষ এ অভিযান চালায়। তবে উচ্ছেদ হওয়া দোকানিরা পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বগুড়া-নওগাঁ সড়কের সিও বাসস্ট্যান্ড মোড়ের দুই পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও যাত্রীছাউনি ভাঙচুর করছেন দুপচাঁচিয়া পৌরসভার শ্রমিকেরা। বাসস্ট্যান্ডটির পশ্চিম দিকে ৩০০ গজের মধ্যে সড়কের দুই পাশে ছোট-বড় ৩০টির মতো দোকান ছিল। দোকানিরা গত মঙ্গলবার রাতেই তাঁদের জিনিসপত্রসহ আসবাব সরিয়ে নেন বলে জানা গেছে।
পত্রিকা ঘরের মালিক মাসুদ বলেন, ‘উপজেলা পরিষদের কাছ থেকে ভাড়া দিয়ে এ দোকান চালাই। হঠাৎ উচ্ছেদে ব্যবসা বন্ধ হয়ে যাবে।’
উচ্ছেদ হওয়া ফলের দোকানি অমল দাস বলেন, ‘প্রায় ২০ বছর আগে থেকে এখানে দোকান করছি। দোকান সরিয়ে নেওয়ার জন্য এর আগেও সড়ক ও জনপথ বিভাগ থেকে কয়েকবার নোটিশ করেছে। তারপরও তারা ভাঙচুর করেনি। পৌরসভার এমন কী প্রয়োজন হলো, আমাদের দোকান তুলে দিয়ে পেটে লাথি মারল। পৌরসভা থেকে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করলে আমাদের আপত্তি নেই।’
একই ধরনের কথা বলেন মিষ্টির দোকানি সত্য সাহা ও আলম হোসেন, চায়ের দোকানি গোপাল ও হান্নান।
দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেন বলেন, ‘সড়কের ওপর গাড়ি দাঁড়ানোর জন্য ২৪ ঘণ্টাই যানজট লেগে থাকে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানজট নিরসনে পৌরসভার অর্থায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে ওই সড়কে কোনো যানজট থাকবে না। তিনি আরও বলেন, দোকানিরা জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন, তাঁদের কেন পুনর্বাসন করা হবে।
ইউএনও শাহেদ পারভেজ বলেন, ‘স্থানটিতে সার্বক্ষণিক যানজট লেগে থাকার বিষয় নিয়ে উপজেলার আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার আলোচনা হয়েছে।