যানজট নিরসনে পুলিশের উদ্যোগ
গাইবান্ধা শহরের যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। পুলিশের উদ্যোগে ইতিমধ্যে প্রায় এক কিলোমিটার সড়ক যানজটমুক্ত হয়েছে। ফলে সাধারণ লোকজন স্বস্তিবোধ করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গাইবান্ধা শহরের পূর্ব দিক থেকে পশ্চিমে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে শহরের ব্যস্ততম ডিবি রোড, রেলক্রসিং এলাকা ও পলাশবাড়ী সড়ক ব্যবহার করতে হয়। এমনকি এসব সড়কের ওপর দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের লোকজন জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনাল ও আদালতে যাতায়াত করেন। ফলে ওই সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে তাঁরা দুর্ভোগ পোহাতেন। বিকল্প সড়ক ব্যবহার না করায় এসব সড়কে সব সময় যানজট লেগেই থাকত। এ নিয়ে সভা, সমাবেশ ও বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি হয়েছে; কিন্তু কোনো কাজ হয়নি। এ কারণে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেয় পুলিশ। পুলিশের উদ্যোগে গত ২৫ সেপ্টেম্বর থেকে বিকল্প সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলছে।
পুলিশ জানায়, বিকল্প সড়কে অটোরিকশা চলাচল নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ দায়িত্ব পালন করছে। ফলে শহরের পার্ক মোড় থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক যানজটমুক্ত হয়েছে।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে।