যানজট নিরসনে পুলিশের পাশে ৬০ স্বেচ্ছাসেবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানে চট্টগ্রাম নগরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ শুরু করেছেন ৬০ জন স্বেচ্ছাসেবক। তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী। বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের এই তরুণেরা যানজট নিয়ন্ত্রণে গতকাল শনিবার রাত থেকে পুলিশের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারেও তাঁরা সহায়তা করছেন।
এর আগে গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ উল হাসান।
মেয়র বলেন, ‘তরুণেরা স্বেচ্ছায় যানজট নিরসনের মতো কাজে এসেছে এটা ইতিবাচক। আমরা অনেকে আইন মানতে চাই না। আইন মেনে চললে অনেক সমস্যার সমাধান সম্ভব।’
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ উল হাসান স্বেচ্ছাসেবকদের উদ্দেশে বলেন, ‘কাজের সময় আপনারা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন। অবশ্য কাজ করতে গিয়ে নিজেরাই বুঝবেন, কেন পুলিশ মাঝেমধ্যে মেজাজ হারায়। কারণ আমাদের এখানে নিয়মকানুন না মানার রেওয়াজ বেশি। তারপরও ঠান্ডা মাথায় কাজ করে যেতে হবে।’
চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (যানবাহন) মো. সুজায়েত ইসলাম বলেন, নগরের মার্কেটগুলোর সামনে যাতে যানজট না হয়, সে জন্য স্বেচ্ছাসেবকেরা কাজ করবেন। একই সঙ্গে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কেও সচেতন করবেন তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি হুমায়ুন মোরশেদ, উপদেষ্টা তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
৬০ তরুণের মধ্যে ৫০ জনই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকিরা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। ক্লাবের সভাপতি হুমায়ুন মোরশেদ বলেন, বেশির ভাগ সদস্যই ছাত্র। ২০১৪ এবং ২০১৫ সালেও রমজান মাসের শেষ দিকে বিভিন্ন মার্কেটের সামনে যানজট নিরসনে তাঁরা পুলিশকে সহযোগিতা করেছিলেন।