যানজট নিরসনে পৌরসভাকে সেনাবাহিনীর চিঠি
রমজানের শুরুতেই যানজটে নাকাল উত্তরের বৃহত্তম বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুর। যানজট নিরসনে দিনের বেলা শহরে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষকে সেনাবাহিনীর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
এ নিয়ে পৌরসভার উদ্যোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গতকাল শনিবার সমন্বিত সভার আয়োজন করা হয়। সভায় দিনের বেলা শহরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক নূর-এ-কমর চৌধুরীর বরাত দিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম গত ১৬ জুন পৌরসভাকে চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, যেহেতু সৈয়দপুর শহর ঘিঞ্জি ও ব্যস্ততম, কাজেই দিনের বেলায় সড়কে ভারী যানবাহন, ট্রাক্টর, ট্রলি চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হোক। দিনের বেলা সৈয়দপুর বিমানবন্দর সড়ক, বঙ্গবন্ধু সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ তুলসীরাম সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ওই সময় স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়কগুলোতে যাতায়াত করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ফলে দিনের বেলা ভারী যানবাহন ব্যস্ততম সড়কগুলোতে না ঢুকিয়ে বাইপাস সড়কে চলাচলের ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই চিঠিতে।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, রমজান শুরু হওয়ায় শহরে যানবাহন চলাচল আগের তুলনায় বহু গুণ বেড়েছে। এ ছাড়া সড়কে ইফতারসামগ্রীর পসরা সাজিয়ে মূল দোকান রেখে সড়কের ওপর বর্ধিত অংশে বেচাকেনা চালিয়ে যাওয়ায় সড়কগুলো সংকুচিত হয়ে পড়েছে। এতে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে ব্যবসায়ী, পথচারী, পরিবহন খাত ও পুলিশ প্রশাসনের সমিঞ্চলিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।
সৈয়দপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক বলেন, ‘শহরের যানজট নিরসনে সংশ্লিষ্ট সবার সহায়তা চাওয়া হয়েছে।’ সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক শামসুল আলম বলেন, ‘শহরে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপের জন্য পৌর মেয়র প্রস্তুতি নিচ্ছেন। সে অনুযায়ী আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে ও শহরে ভারী যানবাহন চলাচল বন্ধে পদক্ষেপ নেব।’