যানজট নিরসনে মাঠে থাকবে জেলা ও মহাসড়ক পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লা জেলার ১০০ কিলোমিটার এলাকার আটটি স্থানে যানজট নিরসনের জন্য জেলা ও মহাসড়কে পুলিশ মোতায়েন থাকবে। তাৎক্ষণিকভাবে মহাসড়কের কোথাও দুর্ঘটনা ঘটলে নির্ধারিত এলাকার পুলিশ ঘটনাস্থলে যাবে। একই সঙ্গে দ্রুত মহাসড়ক যান চলাচলের উপযোগী করে তুলবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ টহলে থাকবে। পবিত্র রমজান ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য পুলিশ ওই সিদ্ধান্ত নিয়েছে।
জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন গতকাল শনিবার বলেন, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের বড় অংশ কুমিল্লা জেলায় পড়েছে। মহাসড়কের যানজট ও যানবাহনের অব্যবস্থাপনা দূর করার জন্য পুলিশ প্রশাসন কাজ ভাগ করে নিয়েছে। এর মধ্যে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত দাউদকান্দি মহাসড়ক পুলিশ, গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ সেতু পর্যন্ত দাউদকান্দি থানা-পুলিশ, ইলিয়টগঞ্জ থেকে মাধাইয়া পর্যন্ত মহাসড়ক পুলিশ, মাধাইয়া থেকে চান্দিনা কাঠেরপুল পর্যন্ত চান্দিনা থানা-পুলিশ দায়িত্ব পালন করবে। এ ছাড়া চান্দিনা থেকে সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্স পর্যন্ত ময়নামতি হাইওয়ে থানা-পুলিশ, সদর দক্ষিণ থেকে লালবাগ পর্যন্ত থানা-পুলিশ, লালবাগ থেকে চৌদ্দগ্রামের অফভিট রেস্তোরাঁ পর্যন্ত মিয়াবাজার মহাসড়ক পুলিশ ও সেখান থেকে ফেনীর মোহাম্মদ আলী পর্যন্ত চৌদ্দগ্রাম থানা-পুলিশ দায়িত্বে থাকবে। এক পক্ষ আরেক পক্ষের ওপর যেন কোনো ধরনের দায় চাপাতে না পারে অথবা দায় এড়াতে না পারে, সে জন্য প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
মহাসড়ক পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান বলেন, ‘ঈদ উপলক্ষে পুলিশ ২৪ ঘণ্টা মহাসড়কে দায়িত্ব পালন করে। ঈদে যেন বাড়ি ফেরা মানুষ ভোগান্তিতে না পড়ে সে জন্য আমরা কাজ করছি।’