যানজট নিরসনে শিগগিরই সার্কুলার ট্রেন চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের সব মানুষের সেবা নিশ্চিত করতে রেল মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। রেলের কোচ-সংকট নিরসনে বিদেশ থেকে কেনা বেশ কিছু কোচ চলতি মাসেই আসবে। চট্টগ্রাম নগরের যানজট নিরসনে খুব শিগগির সার্কুলার ট্রেন চালু করা হবে।গতকাল বুধবার সকালে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বাংলাদেশ রেলওয়ের ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ে ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সাধারণ সম্পাদক ও প্রধান প্রকৌশলী (পূর্ব) এ কে এম মাহবুব উল আলম। রেলমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হওয়ায় রেলের মতো সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ মাধ্যমের কোনো উন্নয়ন হয়নি। তাই মহাজোট সরকার ক্ষমতায় এসে আলাদা মন্ত্রণালয় সৃষ্টি করেছে। এর ফলে রেলের উন্নয়নের পাশাপাশি সেবার মানও বাড়ছে।