যানজট নিরসনে ১৫৯ কোটি টাকার প্রকল্প
গাইবান্ধায় যানজট নিরসনে ১৫৯ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ইতিমধ্যে প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একনেকের বৈঠকে অনুমোদন পেলে গাইবান্ধার উন্নত যোগাযোগ ব্যবস্থার স্বপ্ন বাস্তবায়িত হবে।
গাইবান্ধার সওজ কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক থেকে ২১ কিলোমিটার পূর্বে গাইবান্ধা জেলা শহর। পক্ষান্তরে পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ভেতর দিয়ে মহাসড়ক নির্মিত হয়েছে। এ কারণে ওই দুই উপজেলা শহর অনেক জাঁকজমকপূর্ণ। এ ছাড়া অপ্রশস্ত সড়কের কারণে জেলা শহরে যানজট অসহনীয় হয়ে উঠেছে। এ বাস্তবতায় সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়। সড়ক প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণসহ ১৫৯ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় পলাশবাড়ী শহরের চার মাথা থেকে জেলা শহরের পুরাতন জেলখানা মোড় পর্যন্ত ২১ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। এর মধ্যে পলাশবাড়ী থেকে শাপলা মিল পর্যন্ত সাড়ে ১৮ কিলোমিটার সড়ক ১৮ থেকে ২৪ ফুট প্রশস্ত হবে। শাপলা মিল থেকে জেলা শহরের পুরাতন জেলখানা মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার অংশ ব্যাপক প্রশস্ত হবে। এই সড়কটি ১৮ থেকে ৪০ ফুট প্রশস্ত করা হবে। এ ছাড়া সড়কের মাঝখানে নির্মিত হবে ডিভাইডার। গত জানুয়ারি মাসে প্রকল্পটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেতু মন্ত্রণালয় প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।