যানজট নিরসনের আশা কি পূরণ হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজার–মৌচাক উড়ালসড়ক ও এর নিচে ইস্কাটন এলাকায় গতকাল সন্ধ্যায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস সময়ে এটা নিত্যদিনের চিত্র l ছবি: জাহিদুল করিম
মগবাজার–মৌচাক উড়ালসড়ক ও এর নিচে ইস্কাটন এলাকায় গতকাল সন্ধ্যায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিস সময়ে এটা নিত্যদিনের চিত্র l ছবি: জাহিদুল করিম

কয়েক বছরের উন্নয়ন-ভোগান্তির পর সদ্য চালু হওয়া মগবাজার-মৌচাক উড়ালসড়ক কি কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারছে?

উড়ালসড়কে ওঠার সময় রামপুরা প্রান্তে এবং নামার সময় কারওয়ান বাজার, বাংলামোটর, শান্তিনগর ও রাজারবাগ প্রান্তে যানজট সৃষ্টি হচ্ছে। চার জায়গায়ই ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে গাড়ি। অফিস ছুটির পর এ জট তীব্র হয়। উড়ালসড়কের ওপর গাড়ির সারি কিলোমিটার ছাড়িয়ে যায়।

উড়ালসড়কের নিচের রাস্তায়ও শুরু হয়েছে অরাজক অবস্থা। যানজট তো আছেই; সঙ্গে বাড়তি যোগ হয়েছে রাস্তার বিভিন্ন অংশে অবৈধ পার্কিং। বসতে শুরু করেছে দোকানপাট, গ্যারেজও। মালিবাগ রেলগেট থেকে মৌচাক যেতে রাস্তার ডানে হঠাৎ করে দক্ষিণ সিটি করপোরেশন এনে রেখেছে বড় পাঁচটি ময়লার কনটেইনার। সারা দিন রাস্তা ঘুরে ময়লা-আবর্জনা ঘাঁটাঘাঁটি করে কিছু লোক। ময়লা ছড়িয়ে পড়ছে রাস্তাজুড়ে। পুরো পরিবেশ নোংরা ও দূষিত হচ্ছে এতে।

ইস্কাটন এলাকায় উড়ালসড়কে উল্টোপথ দিয়ে যানজট ঠেলে যাচ্ছেন এক মোটরসাইকেল আরোহী
ইস্কাটন এলাকায় উড়ালসড়কে উল্টোপথ দিয়ে যানজট ঠেলে যাচ্ছেন এক মোটরসাইকেল আরোহী

প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই উড়ালসড়ক ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় পড়েছে। কিন্তু এখন কেউ এর দায়িত্ব নিতে চায় না। করপোরেশনের কর্মকর্তারা বলছেন, এই উড়ালসড়ক করার উদ্দেশ্য ছিল যানজট নিরসন করা। কিন্তু এখন চিত্র ভিন্ন। উল্টো চাপ বাড়ছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর ওপর। এই অবস্থায় দায়িত্ব নিলে সিটি করপোরেশনের বদনাম হবে। বরং তাঁরা চান উড়ালসড়কটির বাস্তবায়ন কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কাছে থাকুক এর দায়দায়িত্ব।

দুই সিটি করপোরেশনের কোনো কোনো কর্মকর্তার মনের ভেতর আরেকটি অন্তঃস্রোতও কাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেছেন, এই উড়ালসড়কে তো রাজস্ব আদায়ের ব্যবস্থা নেই। ফলে রক্ষণাবেক্ষণের টাকা ছাড়া এখান থেকে আর কোনো আয়-উন্নতি ঘটবে না।

নকশা ও বাস্তব চিত্র

উড়ালসড়কটি চারটি ভাগে করা হয়েছে। একটি অংশ নিউ ইস্কাটন থেকে মৌচাক হয়ে শান্তিনগরে নেমেছে, আরেকটি অংশ গেছে মালিবাগ ও রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত। একটি অংশ তেজগাঁও সাতরাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কাছে নেমেছে, আরেকটি অংশ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মোড় থেকে কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে নেমেছে। আবার মালিবাগ চৌধুরীপাড়া থেকে তিনতলা উড়ালসড়ক গেছে সোজা রাজারবাগে। মানে চৌধুরীপাড়া বা রাজারবাগ থেকে শান্তিনগর, মৌচাক ও মগবাজার যাওয়ার ব্যবস্থা নেই। আবার রাজারবাগ, শান্তিনগর থেকে উঠলে সরাসরি নিউ ইস্কাটনে নামতে হবে। মাঝে মগবাজার, হলি ফ্যামিলি হাসপাতাল ও সাতরাস্তার দিকে যাওয়া ব্যবস্থা নেই। এতে অনেকেই এই উড়ালসড়কের সুফল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

গতকাল মৌচাক মোড়ে কথা হয় স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘এই উড়ালসড়ক নির্মাণে খোঁড়াখুঁড়ির জন্য দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের ভোগান্তি পোহাতে হয়েছে। অথচ নকশায় ত্রুটি থাকায় মৌচাক থেকে উড়ালসড়কে ওঠানামার ব্যবস্থা নেই। এটা অত্যন্ত দুঃখজনক।’

উড়ালসড়কের নিচের রাস্তায় হঠাৎ দুই সিটি করপোরেশন পাঁচটি ময়লার কনটেইনার বসিয়েছে
উড়ালসড়কের নিচের রাস্তায় হঠাৎ দুই সিটি করপোরেশন পাঁচটি ময়লার কনটেইনার বসিয়েছে

ট্রাফিক সিগন্যাল, যানজট

গতকাল শনিবার বেলা তিনটা। নিউ ইস্কাটনে জনকণ্ঠ ভবনের সামনে থেকে বাংলামোটর মোড় পর্যন্ত উড়ালসড়কের ওপর ও নিচে যানজট লেগে আছে। মূলত বাংলামোটর মোড়ে ট্রাফিক সিগন্যালে এসে থেমে যাচ্ছে সব যান। এর আগে মৌচাক মোড় ও মালিবাগে পৃথক দুটি সিগন্যালে কিছু সময় দাঁড়াতে হয় যানবাহনকে।

বেলা সাড়ে তিনটার দিকে কারওয়ান বাজার রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পুলিশ বক্স পর্যন্ত একই চিত্র দেখা গেছে। এ ছাড়া মগবাজার মোড়, মৌচাক মোড়ে উড়ালসড়কের যানজট দেখা গেছে।

আবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেখা যায়, বড় মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত সড়কের ওপর-নিচে তীব্র যানজট। এর প্রভাব পড়েছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে। এই সড়কটিতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিকেল চারটায় বাংলামোটরে কথা হয় ট্রাফিক পুলিশের সদস্য রফিক উদ্দিনের সঙ্গে। তিনি বলেন,উড়ালসড়কটি উদ্বোধনের পর এই এলাকায় গাড়ির চাপ কয়েক গুণ বেড়েছে। আমাদের হিমশিম খেতে হচ্ছে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতেও গাড়ির চাপ বেড়েছে।

মৌচাক মোড়ে উড়ালসড়কে ট্রাফিক সিগন্যাল
মৌচাক মোড়ে উড়ালসড়কে ট্রাফিক সিগন্যাল


উড়ালসড়কের দায়িত্ব হস্তান্তর নিয়ে গুঞ্জন

এই উড়ালসড়ক ডিএসসিসি ও ডিএনসিসিকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তা কীভাবে পরিচালনা করা হবে, এ নিয়ে তাঁরা একটি পরিকল্পনা করছেন। তবে উড়ালসড়কের দায়িত্ব নেওয়া নিয়ে দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছে।

অবশ্য উড়ালসড়কটির দায়িত্ব না নেওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘ফ্লাইওভার দিয়ে সহজেই যাতায়াত করা যায়, এ জন্য গাড়ির কিছুটা চাপ বেড়েছে। এতে ওঠানামার পথে কিছুটা জটলা তৈরি হচ্ছে। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় বুঝিয়ে দিলে আমরা তা নেব। কিন্তু ফ্লাইওভারের কোনো ত্রুটি থাকলে বা হলে এই দায়িত্ব এলজিইডির, সিটি করপোরেশনের নয়।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি মুঠোফোনে বক্তব্য দিতে চাননি। ডিএনসিসির প্রকৌশল বিভাগের একাধিক কর্মকর্তা বলেছেন, এই উড়ালসড়কের ৭০ ভাগ ডিএসসিসির সীমানায় পড়েছে। তা ছাড়া এর নকশায় ব্যাপক ত্রুটি আছে। তাই এটির দায়িত্ব ডিএনসিসি নিতে চায় না।

প্রকল্প পরিচালক ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল বলেন, ‘দায়িত্ব না নেওয়ার বিষয়ে কোনো কথা আমরা শুনিনি। তবে ফ্লাইওভারটি দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই মন্ত্রণালয়ের মাধ্যমে এলাকা অনুযায়ী দুই সিটি করপোরেশনের কাছে দায়িত্ব দেওয়া হবে। তা রক্ষণাবেক্ষণে যাবতীয় খরচও দেওয়া হবে তাদের।