যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা-পুলিশও থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসজুড়ে রাজধানীতে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা-পুলিশের সদস্যদেরও মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পবিত্র রমজান ও ঈদে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রাজধানীর ৩৮টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে ট্রাফিক পুলিশের পাশাপাশি অপরাধ বিভাগের (ক্রাইম ডিভিশন) পুলিশকেও মোতায়েন করার সিদ্ধান্ত হয়। বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও থাকতে বলা হয়েছে। এ ছাড়া ট্রাফিক পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তারা যেন ‘হুইল লক’-এর অপব্যবহার না করেন, সে বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। রাস্তায় অবৈধভাবে রাখা যানবাহনের চাকায় পুলিশের লাগিয়ে দেওয়া হলুদ রঙের বিশেষ তালা হলো হুইল লক।
বিশেষ করে মোটরসাইকেলে যেন তিনজন চাপতে না পারেন, সেদিকে কর্মকর্তাদের বিশেষভাবে খেয়াল রাখতে বলেছেন ডিএমপির কমিশনার। সন্দেহভাজন মোটরসাইকেল এবং এর আরোহীদের নিয়ম মেনে তল্লাশি করতে, তল্লাশির সময় পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং নাগরিকদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে।