যানজট নিয়ন্ত্রণে রাখতে ২০০ কমিউনিটি পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদে বিপণিবিতান এলাকায় যানজট নিয়ন্ত্রণে রাখতে ২০০ কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁরা নগর ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবেন।রমজানের আগেই কিছু এলাকায় কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণে এই উদ্যোগ ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেছেন পরিবহন মালিক সংগঠনের এক নেতারা। পুলিশ সূত্র জানায়, রোজার ঈদ উৎসব উপলক্ষে নগরে বিপণিবিতানগুলোতে কেনাকাটার ধুম পড়ে। এ সময় সংলগ্ন রাস্তায় যানজট তীব্র হয়। নগর পুলিশের যানবাহন শাখার সদস্যদের যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। তাই নগর পুলিশের পাশপাশি কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার কুসুম দেওয়ান বলেন, নগরের বিভিন্ন বিপণিবিতানে রমজান মাসে এমনিতেই যানজট তীব্রতর হয়। এই যানজট সহনীয় পর্যায়ে রাখতে আমরা ২০০ কমিউনিটি ট্রাফিক পুলিশ আমাদের সহায়তা করছে। কেউ ইচ্ছে করলে যত্রতত্র গাড়ি পার্কিং করতে পারবে না। এতে যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে। দোকান মালিক সংগঠন চট্টগ্রাম বিপণিবিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলম বলেন, ‘বিপণিবিতানগুলোতে ক্রেতাদের ভিড় এখনো শুরু হয়নি। ফলে এর কার্যকারিতা ও সুফল সম্পর্কে ধারণা পাওয়া যাবে আরও কিছুদিন পর। বিশেষ করে ক্রেতারা দোকানমুখী হলে।’ চট্টগ্রাম সিটিবাস, মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘চট্টগ্রাম নগরে ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই উদ্যোগের কারণে নগরবাসী কিছুটা হলেও উপকৃত হবে। তবে ট্রাফিক পুলিশের পরিদর্শক ও সার্জেন্টদের চাঁদাবাজির কারণে শেষ পর্যন্ত এই উদ্যোগ ভেস্তে যেতে পারে।’ পুলিশের চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান বলেন, ‘অনুমোদনহীন কোনো রাস্তায় চলে না। আমরা বিভিন্ন সময় অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করে আসছি। বরং গাড়ি জব্দ হলে পরিবহন মালিক সংগঠনের নেতারা এসে এসব গাড়ি ছাড়ানোর জন্য তদবির করেন। তবে আমাদের কোনো সদস্য চাঁদাবাজি করলে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। এরপর আমরা প্রয়োজনী ব্যবস্থা নেব।’