যানজট নিয়ন্ত্রণে শামীম ওসমান
পূর্ব ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জ নগরের যানজট নিরসনে রাস্তায় নামলেন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সাংসদ শামীম ওসমান। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে তিনি যানজট নিরসনের চেষ্টা করেন।
এ সময় শামীম ওসমান ফুটপাত থেকে অবৈধ দোকানপাট তুলে দেন। গত ৮ ডিসেম্বর নগরের নিতাইগঞ্জ এলাকায় এক অনুষ্ঠানে শামীম ওসমান নারায়ণগঞ্জের যানজট নিরসনে মাঠে নামার ঘোষণা দিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে শামীম ওসমান ও তাঁর লোকজন মাইক নিয়ে যানজট নিরসনে বিভিন্ন যানবাহনকে দিকনির্দেশনা দেওয়া শুরু করেন। বেলা একটার দিকে শামীম ওসমান চাষাঢ়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে যানবাহনের চালকদের নির্দেশনা দেন। আধা ঘণ্টা সময়ের মধ্যেই চাষাঢ়া মোড়ের যানজটের চিরচেনা দৃশ্য পাল্টে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা যায়।