যানজট বাধাচ্ছে অবৈধ ট্রাকস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ১৪টি ট্রাকস্ট্যান্ড। এতে সৃষ্টি হচ্ছে যানজটের।
চট্টগ্রাম নগরের পোর্ট কানেকটিং রোড (হালিশহর, পাহাড়তলী, সরাইপাড়া, কাস্টম একাডেমি এলাকা), পাহাড়তলী ডিটি রোড চাল বাজারসংলগ্ন সড়ক, বারো কোয়ার্টার, মনসুরাবাদ, কাঁচা রাস্তা, বড়পুল, নিমতল, কদমতলী, মাদারবাড়ী, সদরঘাট, মাঝিরঘাট, বাংলাবাজার ও অক্সিজেন মোড়ে এসব অবৈধ ট্রাকস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নগরের সল্টগোলা এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকে বন্দরের পণ্য পরিবহনে ব্যবহৃত বেশির ভাগ কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার। এগুলো বন্দরের এক, দুই, তিন, চার ও পাঁচ নম্বর ফটক দিয়ে পণ্য নিয়ে যায় বিভিন্ন ডিপোতে। স্থানীয় ব্যক্তিরা বলেন, পতেঙ্গা, কাঠগড় এবং ইপিজেড এলাকায় অবস্থিত তিনটি ডিপোতে পণ্য পরিবহনের কারণে বিমানবন্দর সড়কে যানজটের সৃষ্টি হয়।
চিটাগাং প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘টার্মিনাল না থাকায় রাস্তায় দাঁড়ানো ছাড়া উপায় নেই। বেশির ভাগ প্রাইম মুভার বন্দর থেকে পণ্য পরিবহন করে থাকে। আর সে কারণে আমরা বন্দরের কাছাকাছি টার্মিনাল তৈরির দাবি করে আসছি। কিন্তু এখনো পর্যন্ত এর সুফল পাইনি।’
নিমতল এলাকায় বন্দরের নিয়ন্ত্রণাধীন পানামা টার্মিনাল থাকলেও ট্রাকগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম মহানগর পুলিশের অভিযানের কারণে পোর্ট কানেকটিং রোড, পাহাড়তলী ডিটি রোড চাল বাজারসংলগ্ন সড়ক, বারো কোয়ার্টার, মনসুরাবাদ, কাঁচা রাস্তা এলাকায় মূল সড়ক থেকে সরে গিয়ে আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান।
পোর্ট কানেকটিং রোডসংলগ্ন নয়াবাজারের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘কয়েক দিন ধরে ট্রাক ও কাভার্ড ভ্যান রাস্তা থেকে সরে আসায় আমরা চলাচলে কিছুটা স্বস্তি পাচ্ছি। কিন্তু এর পরও অলিগলি থেকে হঠাৎ বেরিয়ে এসে এগুলো যানজট বাধাচ্ছে।’
একই চিত্র দেখা যায় নিমতল এলাকায়ও। সেখানে মূল সড়কের এক পাশে অবস্থান নিয়েছে ট্রাক। আবার একটি অংশে রাস্তার ওপরেই চলছে পণ্য ওঠানামা।
অবৈধ ট্রাকস্ট্যান্ডের কারণে যানজট দেখা যায় সদরঘাট, মাঝিরঘাট ও বাংলাবাজার এলাকায়। একবার কেউ সেখানে যানজটে আটকা পড়লে তা থেকে মুক্তি পেতে পেতে আধ ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা পর্যন্ত লেগে যায়।
চট্টগ্রাম নিউমার্কেট এলাকা থেকে পতেঙ্গা সৈকতগামী মোস্তফা কামাল নামের এক ব্যক্তি বলেন, ‘আমার বাসা নন্দনকাননে। তাই সিএনজিচালিত অটোরিকশাচালকেরা বরাবরই মাদারবাড়ী সড়ক ধরে মাঝিরঘাট ও বাংলাবাজার হয়ে সি বিচে যান। এভাবে যতবারই গিয়েছি, ততবারই অসহনীয় যানজটে পড়েছি। কারণ ট্রাক এলোমেলোভাবে রাস্তায় অবস্থান করে।’