যানজট বাড়ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

গাড়িচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের চলা আন্দোলনের কারণে যানজট বাড়ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। আজ বুধবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকা থেকে মেঘনা সেতুর পশ্চিম অংশ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়। এ দিন ভোর ছয়টা থেকে যানজট শুরু হয়। সন্ধ্যায়ও সেই জট ছিল। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার থেকে ঢাকাগামী লোকাল বাসের যাত্রী ও দোকান কর্মচারী রুবেল মিয়া, বাসচালক তারা মিয়া ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানের চালক নূর আলমের সঙ্গে সকাল নয়টার দিকে মেঘনা-গোমতী সেতু এলাকায় কথা হয় প্রথম আলোর। তাঁরা জানান, দাউদকান্দি উপজেলার হাসানপুরে এসে যানজটে আটকা পড়ে তিন কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।
দাউদকান্দি পৌর সদরে অবস্থিত ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের ছাত্রী মরিয়ম আক্তার, আনিকা আক্তার ও জামিয়া আক্তার বলেন, মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজটের কারণে পায়ে হেঁটে যাওয়ায় কলেজের এক পরীক্ষায় এক ঘণ্টা পরে অংশ নিতে হয়েছে তাঁদের। বাড়ি ফেরার পথেও হেঁটে আসতে হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঢাকায় ছাত্র আন্দোলনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
গত রোববার দুপুরে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও নয়জন আহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম (১৬)। এই ঘটনার পরের দিন থেকে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।