যানজট সহ্য না করতে পেরে গুলি ছোড়েন সাংসদপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতিয়ার আলম রনি
বখতিয়ার আলম রনি

যানজটে আটকে থেকে দেরি সহ্য না করতে পেরে সাংসদপুত্র বখতিয়ার আলম রনি লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে দুজন নিরীহ লোক মারা যান। রাজধানীতে রাতে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় বখতিয়ার আলমের আরও দুই বন্ধু জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও মো. কামাল ওরফে টাইগার কামাল প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা এ কথা বলেছেন বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরু মিয়া জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও মো. কামাল ওরফে টাইগার কামালের জবানবন্দি গ্রহণ করেন।
একই ঘটনায় গতকাল বুধবার আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বখতিয়ারের অপর বন্ধু আবাসন ব্যবসায়ী কামাল মাহমুদ। এর আগে এ মামলায় গ্রেপ্তার বখতিয়ার আলমের গাড়িচালক ইমরান ফকির আদালতে জবানবন্দি দিয়ে বখতিয়ারের নাম প্রকাশ করে।
গত ১৩ এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটনে সাংসদ ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির গুলিতে দুজন শ্রমজীবী মানুষ নিহত হন। গুলি ছোড়ার সময় বখতিয়ারের গাড়িতে জাহাঙ্গীর হোসেন, কামাল মাহমুদ ও টাইগার কামাল ছিলেন।
মামলার তদন্ত ও আদালত সংশ্লিস্ট সূত্র থেকে জানা যায়, সাক্ষীরা তাদের (জাহাঙ্গীর আলম ভূঁইয়া, টাইগার কামাল) জবানবন্দিতে বলেন, কল্যাণপুরে একটি জমির বেচাকেনা নিয়ে কথা বলতে তাদের বাংলামোটরে শ্যালে বারে ডেকে পাঠান সাংসদপুত্র বখতিয়ার। সেখানে তারা মদপান করেন। তখন বখতিয়ারের সঙ্গে কামাল মাহমুদ ছিলেন। রাত ১১টায় শ্যালে বার বন্ধ হয়ে যায়। তখন বখতিয়ার তাঁকে সোনারগাঁও হোটেলে মদ খাওয়ানোর ব্যবস্থা করতে বন্ধু জাহাঙ্গীরকে বলেন। এতে জাহাঙ্গীর রাজি হলে তাঁরা চারজন (কামাল মাহমুদসহ) বখতিয়ারের প্রাডো গাড়িতে করে সোনারগাঁও হোটেলে আসেন। সেখানে বখতিয়ার, জাহাঙ্গীর ও টাইগার কামাল আবার মদপান করেন। ফেরার পথে রাজধানীর নিউ ইস্কাটনে এলএমজি টাওয়ারের সামনে পৌঁছালে গাড়ি যানজটে পড়ে। এতে বিরক্ত হয়ে বখতিয়ার লাইসেন্স করা পিস্তল দিয়ে চার-পাঁচটি গুলি ছোড়েন। এতে দুজন লোক মারা যান।

আরও পড়ুন: