যানজট, সড়কে অবৈধ দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারের সামনের বেহাল সড়ক। এর মধ্যে সড়ক দখল করে চলছে ইট, বালুর কারবার। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারের সামনের বেহাল সড়ক। এর মধ্যে সড়ক দখল করে চলছে ইট, বালুর কারবার। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

উত্তরা ৬ নম্বর সেক্টর কাঁচাবাজারের সামনের সড়কটি ভাঙাচোরা। সড়কটি দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট; চলছে ইট, বালু বিক্রি। সেক্টরের ওয়াসার পানির পাম্পটি বেশ পুরোনো বলে মাঝেমধ্যেই পানির সমস্যা হয়। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যানবাহনের কারণে পুরো সেক্টরে যানজট ছড়িয়ে পড়ে।
উত্তরা ৮ নম্বর সেক্টরে ব্যক্তিমালিকানার ভবন নেই বললেই চলে। এই সেক্টরে মূলত সরকারি আবাসিক ভবন। ছিমছাম রাস্তাঘাট। তবে পানির সংকট আছে। সেক্টরের প্রবেশমুখে আলাউল অ্যাভিনিউতে আছে অবৈধ দোকানপাট। গতকাল শনিবার সেক্টর দুটি ঘুরে এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব কথা জানা যায়।
৬ নম্বর সেক্টরে প্লট আছে ৫৫৫টি। সেক্টরের কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত মাসের শেষ দিকে পানির সমস্যা হয়েছিল। ওয়াসার পক্ষ থেকে নতুন একটি পাম্প বসানোর বিষয়ে কথা হচ্ছে। সেক্টরের বিভিন্ন সড়কে কিছু অবৈধ টং ঘর আছে। সেগুলো উচ্ছেদের বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে উচ্ছেদের ব্যবস্থা করা হবে। সার্বিকভাবে সেক্টরের নিরাপত্তাব্যবস্থা ভালো।

উত্তরা ছয় নম্বর সেক্টর কাঁচাবাজারের সামনের বেহাল সড়ক
উত্তরা ছয় নম্বর সেক্টর কাঁচাবাজারের সামনের বেহাল সড়ক

৬ নম্বর সেক্টরের এক বাসিন্দা বললেন, সেক্টরের ৮ নম্বর সড়কে থাকা ওয়াসার পানির পাম্পটি বেশ পুরোনো। ফলে মাঝেমধ্যে পানির সমস্যা দেখা দেয়। বিশেষ করে সেক্টরের ১, ৩ ও ১১ নম্বর সড়কে পানির সমস্যা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে ওয়াসায় নতুন একটি পাম্প বসানোর জন্য আবেদন করা হয়েছে।
ওয়াসার পাম্প অপারেটর সুলতান আহমেদ বলেন, গত মাসের শেষ দিকে পানির তীব্র সমস্যা দেখা দেয়। তখন পাম্পের পানি ওঠানোর সক্ষমতা বাড়ানো হয়। আগে প্রতি মিনিটে ১ হাজার ৮০০ লিটারের মতো পানি উঠত। আর সক্ষমতা বাড়ানোর পরে মিনিটে ২ হাজার ৮০০ লিটার উঠছে।
সেক্টরে আলাউল অ্যাভিনিউ, ঈশা খাঁ অ্যাভিনিউ ছাড়া ১৬টি সড়ক আছে। এ ছাড়া ১৩ নম্বর সড়কের চারটি সংযোগ আছে। এসব সড়কের বেশির ভাগের অবস্থাই ভাঙাচোরা ছিল। গতকাল দেখা যায়, অনেক সড়কেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সংস্কারকাজ চলছে। ইট, সুরকি ফেলা হয়েছে। পিচ ঢালাইয়ের কাজ বাকি।
৬ নম্বর সেক্টর কাঁচাবাজারটিতে প্রায় সাড়ে ৪০০ দোকান আছে। বাজারের সামনে ‘ঢাকার প্রথম ফরমালিনমুক্ত বাজার’ লেখা সাইনবোর্ড টাঙানো। বাজারের সামনেই ঢাকা-ময়মনসিংহ সড়কের সার্ভিস রোড। সেই সার্ভিস রোড খানাখন্দে ভরা। খানিক পরপর ছোট-বড় গর্ত। গর্তে বৃষ্টির পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।
বাজারের সামনের সার্ভিস সড়কে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। দেখা যায়, বিশাল জায়গাজুড়ে ইট-বালু বিক্রির দোকান গড়ে উঠেছে। ইট, বালু, সুরকি—সবই রাখা হয়েছে সড়কের জায়গা দখল করে।
সেক্টরের পাশাপাশি দুটি সড়কে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ডিপিএস এসটিএস স্কুল অবস্থিত। এ দুটি স্কুলে ক্লাস শুরু ও শেষের সময় পুরো সেক্টরে যানজট ছড়িয়ে পড়ে বলে এলাকার বাসিন্দারা জানান। স্কুল চলার সময় এসব গাড়ি সড়কের ওপরেই রাখা হয়।
সড়কগুলোর পাশে থাকা অপরিচ্ছন্ন পানিনিষ্কাশনের নালাগুলোর কারণে পুরো সেক্টরেই মশার উপদ্রব। ৩ নম্বর সড়কের বাসিন্দা বুলবুল আহমেদ বলেন, এলাকায় কোনো জলাশয় নেই। তা-ও মশার উপদ্রব। অপরিচ্ছন্ন ড্রেনগুলোতেই মশার জন্ম হচ্ছে।
সেক্টরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ঈশা খাঁ অ্যাভিনিউতে একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করেছে। ফলে সেক্টরের কোনো সড়কে ময়লা-আবর্জনা পড়ে থাকবে না।