যানজটমুক্ত একবেলা
রাজশাহী নগরের হাদির মোড় এলাকার বাসিন্দা সোহাগ রানা প্রতিদিন বাড়ি থেকে অটোরিকশায় করে সোনাদীঘির মোড়ে তাঁর দোকানে যান। গতকাল বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখেন, রাস্তা একেবারে ফাঁকা। কোনো অটোরিকশা নেই। খানিক পরেই দেখলেন, ‘সোহেল ট্রাভেলস’ নামের একটি বাস ‘সাহেব বাজার, রাজশাহী কলেজ’ বলে যাত্রী ডাকছে। ভাড়া ১০ টাকা। চট করে বাসে উঠে পড়েন সোহাগ। নামেন সোনাদীঘির মোড়ে।
আনন্দে কিছুটা বিমোহিত সোহাগ। বললেন, প্রতিদিন এই ব্যবস্থা চালু থাকলে মানুষের অনেক সময় বাঁচত। দ্রুত সবাই গন্তব্যস্থলে পৌঁছাতে পারত। রাস্তায় ভিড় থাকত না। গতকাল তিনি মাত্র সাত মিনিটে গন্তব্যে পৌঁছেছেন। অন্যদিন অটোরিকশায় প্রচুর সময় লাগত। যানজটে বসে থাকতে হতো।
লাইসেন্সের ফি বাড়ানোর প্রতিবাদে ধর্মঘট ডেকে গতকাল সকালে নগরে কোনো অটোরিকশাচালক রাস্তায় বের হননি। সেই সুযোগে কয়েকটি বাস ‘টাউন সার্ভিস’ চালু করে। এতে হঠাৎ যানজটের নগর হয়ে পড়ে যানজটমুক্ত। টাউন সার্ভিসে মানুষ ১০ টাকা ভাড়া দিয়ে শহরের এক মাথা থেকে আরেক মাথায় যাতায়াত করে।
বেলা দুইটার দিকে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীমের বরাত দিয়ে পত্রিকা কার্যালয়গুলোতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা লাইসেন্সের ফি বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, লাইসেন্সের বর্ধিত ফি কমানোর জন্য কয়েকটি সংগঠনের মৌখিক ও লিখিত আবেদনের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হচ্ছে। এরপর অটোরিকশাচালকেরা আবার রাস্তায় বেরিয়ে পড়েন।
অটোরিকশাচালক মোহাম্মদ বাবু জানান, তাঁদের রিকশার লাইসেন্স ফি ছিল ৭০০ টাকা। হঠাৎ তা বাড়িয়ে দুই হাজার টাকা করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা ধর্মঘট ডাকেন। সকাল থেকে শহরে কোনো অটোরিকশা বের হয়নি। দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
নগরের লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, বিনোদপুর থেকে সাহেববাজার হয়ে কোর্ট, বিনোদপুর থেকে তালাইমারী-কামরুজ্জামান চত্বর হয়ে লক্ষ্মীপুর মোড় ও গণকপাড়ার মোড় থেকে আমচত্বর—এই তিনটি রুটে টাউন সার্ভিস চালু করলে মানুষ স্বচ্ছন্দে চলাচল করতে পারবে। এটা নগরবাসীর দীর্ঘদিনের দাবি।