যানজটমুক্ত করতে গিয়ে যা ঘটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ‘পিটুনিতে’ অটোরিকশাচালক আহত হওয়ার ঘটনায় গতকাল বগুড়া শহরের স্টেশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশাচালকেরা। এতে যাত্রীরা দুর্ভোগ পড়ে। বেলা ১১টায় তোলা ছবি l প্রথম আলো
পুলিশের ‘পিটুনিতে’ অটোরিকশাচালক আহত হওয়ার ঘটনায় গতকাল বগুড়া শহরের স্টেশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশাচালকেরা। এতে যাত্রীরা দুর্ভোগ পড়ে। বেলা ১১টায় তোলা ছবি l প্রথম আলো

বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথায় প্রশাসনঘোষিত ‘রেড জোন’ এলাকায় দিনের বেলা অবৈধভাবে দাঁড়ানো সিএনজিচালিত অটোরিকশা তাড়া করতে গিয়ে ফেঁসে গেছেন ট্রাফিক পুলিশের একজন নবীন সার্জেন্ট।
গতকাল বুধবার সকাল পৌনে ৮টার দিকে ওই সার্জেন্ট লাঠি হাতে অটোরিকশা তাড়া করতে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়ে আঘাত পান আসাদুল ইসলাম (৪৬) নামের এক চালক। চালককে মারধরের অভিযোগ এনে দেড় ঘণ্টা সাতমাথা-স্টেশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এ সময় শ্রমিকেরা সার্জেন্ট ফিরোজ মাহমুদ খানকে প্রত্যাহারের দাবি জানান। খবর পেয়ে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গিয়ে শ্রমিকনেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুঃখ প্রকাশ করলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
সাতমাথা এলাকার তিনজন প্রত্যক্ষদর্শী জানান, শহরের ব্যস্ততম সাতমাথা এলাকাকে যানজটমুক্ত রাখতে সম্প্রতি জেলা প্রশাসন ও বগুড়া পৌরসভা যৌথভাবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সাতমাথাকেন্দ্রিক কয়েকটি সড়কে যানবাহন স্ট্যান্ড নিষিদ্ধ ঘোষণা করে ‘রেড জোন’ চিহ্ন এঁকে দেয়। কিন্তু গতকাল সকাল পৌনে ৯টার দিকে স্টেশন সড়কের ‘রেড জোন’ চিহ্নিত এলাকায় বেশ কিছু সিএনজি-অটোরিকশায় যাত্রী তোলা হচ্ছিল। এ সময় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ফিরোজ মাহমুদ খান লাঠি হাতে অটোরিকশা তাড়া করেন। একপর্যায়ে কয়েকটি অটোরিকশার পেছনে লাঠি দিয়ে বাড়ি দেন।
ফিরোজ মাহমুদ বলেন, চালকদের সরে যেতে বললেও কেউ শুনছিলেন না। বাধ্য হয়ে কয়েকটি অটোরিকশার পেছনে হাতে থাকা লাঠি দিয়ে তিনি আঘাত করেন। ওই সময় কোনো চালক আঘাত পাওয়ার অভিযোগ না করলেও সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা চালককে মারধরের অভিযোগ এনে সড়ক অবরোধ করেন। তিনি বলেন, অসাবধানতাবশত চালককে আঘাত লাগতেও পারে। এ জন্য তিনি ক্ষমাও চেয়েছেন।
এদিকে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশন সড়কের প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। পরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে গেলে পুলিশকে গালমন্দ করেন শ্রমিকনেতারা। খবর পেয়ে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ সেখানে উপস্থিত হয়ে ওই সার্জেন্টকে প্রত্যাহারের দাবি জানান। ট্রাফিক পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুরী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
আবদুল লতিফ মণ্ডল বলেন, রেড জোন এলাকার বাইরে দাঁড়ানো ওই অটোরিকশাচালককে বিনা দোষে পুলিশ সার্জেন্ট মারধর করেছেন। তাঁকে প্রত্যাহার করা না হলে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে।
ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সালেক বলেন, ওই সার্জেন্ট ইচ্ছেকৃতভাবে কোনো চালককে মারধর করেননি। তারপরও ওই চালককে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাত নেই। বিষয়টি শ্রমিকনেতাদের সঙ্গে মিটমাট হয়ে গেছে।