যানজটমুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এবার ঈদে বাড়ি ফিরতে যেসব সড়কে নির্ঘাত ভোগান্তি পোহাতে হবে বলে ধরা হয়েছিল, তার মধ্যে প্রধান ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
সপ্তাহ খানেক আগেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ এলাকাজুড়ে যানজট লেগে থাকত। বাড়িমুখী যাত্রীদের এ পথ যে ভোগাবে চরম, তা নিয়ে সন্দেহ কমই ছিল। তবে পরিস্থিতি একেবারে উল্টো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত। আজ শুক্রবার সকালে কিছুটা যানজট থাকলেও বিকেলে তা স্বাভাবিক হয়ে যায়।
মুন্সিগঞ্জের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন বলেন, বেলা একটা পর্যন্ত মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর ঢালে প্রায় ১০ কিলোমিটার এলাকায় ধীর গতি থাকলেও বিকেলে তা স্বাভাবিক হয়ে যায়।
বাসযাত্রী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হরিদাসপাড়া গ্রামের ব্যবসায়ী মো., সেলিম ও চাকরিজীবী মো. মাহফুজ বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছি।
আজ সকাল থেকে দাউদকান্দি টোল প্লাজা, বিশ্বরোড, হাসানপুর, শহীদনগর, গৌরীপুর, রায়পুর, ইলিয়টগঞ্জ ও মাদাইয়া এলাকায় ঘুরে কোথাও কোনো যানজট দেখা যায়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার পর ধারণা করা হয়েছিল, দেশের গুরুত্বপূর্ণ এ সড়ক যানজট মুক্ত হবে। তবে দাউদকান্দি, মেঘনা-গোমতী, গজারিয়া উপজেলার মেঘনা সেতু এবং নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু দুই লেন থাকায় এবং পুরোনো ট্রাক ও ও কাভার্ড ভ্যান ধীর গতিতে চলাচল করায় এ মহাসড়কে যানজট লেগেই থাকত। দুই সপ্তাহ আগেও এ সড়কে বড় আকারের যানজট ছিল। তবে পুরোনো গাড়ি চলাচল বন্ধে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এক সপ্তাহ ধরে ভ্রাম্যমাণ আদালত বসায় এসব গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এবার মহাসড়কে গতি আসার এটা একটি বড় কারণ।
এর আগে একাধিকবার মেঘনা-গোমতী সেতু ও মেঘনা সেতুর ওপর পুরোনো গাড়ি বিকল হয়ে বিশাল আকারের যানজট সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস বলেন, ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে পুরোনো গাড়ি চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত চালু করায় এবার এ সড়ক যানজট মুক্ত থাকে।
কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে সড়ক যানজট মুক্ত রাখতে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।