যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার বাহাউদ্দিনের
যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে জাতীয় পার্টি-সমর্থিত (জাপা) মেয়র পদপ্রার্থী বাহাউদ্দিন আহম্মেদ। গতকাল বুধবার দুপুরে গুলশানের একটি মিলনায়তনে তিনি ইশতেহার ঘোষণা করেন।
সরকারি দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাপা-সমর্থিত এই মেয়র পদপ্রার্থী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেন। কেন সেনা মোতায়েন চাইছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা ভোটের দিন সেনাবাহিনী চাচ্ছি। আমরা যে ভোটকেন্দ্রে যাব, সেখান থেকে বাসায় আসব, এই পথটা যেন নিরাপদ মনে হয়।’
‘যানজটমুক্ত তিলোত্তমা ঢাকা গড়তে চাই’—এই স্লোগান ও ‘চরকা’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বাহাউদ্দিন আহম্মেদ। ইশতেহারে তিনি ১৮টি অঙ্গীকার করেন। তাতে মেয়র নির্বাচিত হলে রাজধানীবাসীর ট্যাক্স না বাড়ানোর এবং নতুন খাত সৃষ্টি করে আয় বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
ঘোষিত ইশতেহারে উল্লেখযোগ্য অঙ্গীকারগুলোর মধ্যে আছে রাজধানী ঢাকাকে যানজটমুক্ত রাখা, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, ঢাকাকে মশা-মাছিমুক্ত করা, ঢাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা, সড়কদ্বীপে বৃক্ষরোপণ করে সবুজ ঢাকা গড়ে তোলা, ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করা, জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া, তুরাগ নদ দখলমুক্ত করা, জনপরিবহনব্যবস্থা উন্নত ও আরামদায়ক করা, সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা।
ইশতেহারে বাহাউদ্দিন আহম্মেদ জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের আমলে রাজধানীর বিভিন্ন উন্নয়ন অবকাঠামোর বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘ঢাকা একদিকে সম্প্রসারিত হয়েছে, আরেকদিকে সমস্যার তালিকাও দীর্ঘ হয়েছে। ঢাকাকে বিশ্বের দ্বিতীয় অকার্যকর শহরের কলঙ্ক বহন করতে হচ্ছে। এরশাদের কর্মসূচিগুলো অব্যাহত থাকলে তা হতো না। এখন তাঁর পরামর্শ নিয়ে কাজ করে প্রমাণ করতে চাই, ঢাকাকে আবারও আমরা তিলোত্তমা নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে পারি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল হান্নান, সুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।