যানজটমুক্ত মোহাম্মদপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বেলা দুইটার দিকে মোহাম্মদপুর থেকে আসাদ অ্যাভিনিউ পর্যন্ত সড়কটি যানজটমুক্ত দেখা যায়। এ সময় সড়কটিতে কোনো ব​াস দঁাড়িয়ে থাকতে দেখা যায়নি l ছবি: প্রথম আলো
গতকাল বেলা দুইটার দিকে মোহাম্মদপুর থেকে আসাদ অ্যাভিনিউ পর্যন্ত সড়কটি যানজটমুক্ত দেখা যায়। এ সময় সড়কটিতে কোনো ব​াস দঁাড়িয়ে থাকতে দেখা যায়নি l ছবি: প্রথম আলো

রাজধানীর মোহাম্মদপুর থেকে আসাদ অ্যাভিনিউ ও সাতমসজিদ রোডের দিকে পুরো রাস্তা ফাঁকা। সড়কে নেই অপেক্ষমাণ বাসের সারি। মোহাম্মদপুর থেকে স্বচ্ছন্দে যাতায়াত করা যাচ্ছে আসাদ অ্যাভিনিউ ও সাতমসজিদ রোডের দিকে। রাস্তা দিয়ে সাবলীলভাবে চলছে রিকশা, নিজস্ব গাড়ি। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দেখা গেল এই দৃশ্য।
১ ডিসেম্বর এই এলাকার বাসস্ট্যান্ড থেকে শতাধিক বাস সরিয়ে নেওয়া হয়েছে মোহাম্মদপুর বছিলা নতুন সড়কে। একাধিক বাসচালক ও তাঁদের সহকারীরা বলেন, ‘উত্তর সিটি করপোরেশন থেকে আমাদের বাসস্ট্যান্ড সরিয়ে নিতে বলা হয়েছে। তাই বাসস্ট্যান্ড বছিলা নতুন সড়কে সরিয়ে নেওয়া হয়েছে।’
সাতমসজিদ মোড়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বিভিন্ন রুটে নানা কোম্পানির শতাধিক বাস চলাচল করত। বাসগুলো সারা দিন সড়কের অর্ধেকের বেশি অংশ দখল করে রাখত। যাত্রা শেষে কম প্রস্থের রাস্তাগুলোতে এসব বাস ঘোরানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হতো। এর প্রভাবে যানজট ছড়িয়ে পড়ত আশপাশের ছোট-বড় সব সড়কে। কয়েক গুণ বেশি সময় হাতে নিয়ে রাস্তায় বের হতেন বাসিন্দারা। ফুটপাতের ওপর ছিল বাস কাউন্টার। এতেও পথচারীদের দুর্ভোগে পড়তে হতো। বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ায় মোহাম্মদপুরের ভেতরে বিভিন্ন সড়কেও যানজট কমেছে।
আসাদ অ্যাভিনিউর বাসিন্দা মুক্তাদির রহমান বলেন, আগে এখানে রাস্তার ওপর বাস দাঁড় করিয়ে রাখার জন্য সব সময় যানজট লেগেই থাকত। কোথাও যাতায়াত করতে এখন অনেক সময় কম লাগছে। তবে আবার যেন বাসস্ট্যান্ড না বসে।
সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর থেকে সাতমসজিদ রোডের দিকেও পুরো রাস্তা বেশ ফাঁকা। যানবাহনের কোনো চাপ নেই। তবে ফুটপাতের পাশে দুই জায়গায় বাস থামিয়ে যাত্রীদের ওঠাতে-নামাতে দেখা যায়। টুল পেতে বসে টিকিট বিক্রি করতে দেখা যায় কয়েকজনকে। তাঁরা বলেন, ‘এখানে কোনো কাউন্টার নেই। মূল কাউন্টার বছিলায় সরিয়ে নেওয়া হয়েছে।এখানে যেসব যাত্রী নামতে চান, তাঁদের নামিয়ে নেওয়া হয়।’
এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আবদুল আওয়াল। তিনি প্রথম আলোকে বলেন, আগে এ সড়কে প্রচণ্ড যানজট হতো। এখন মূল বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়া এবং সড়কের মাঝখানে লেন পরিবর্তন করতে না দেওয়ায় যানজট অনেক কমে গেছে। কিছু যানবাহন এখনো দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছে এবং নামাচ্ছে। কিছুদিন পর এটাও করতে দেওয়া হবে না।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান প্রথম আলোকে বলেন, এলাকাবাসীকে যানজট থেকে আপাতত মুক্তি দিতে বাসগুলো বছিলা নতুন সড়কে সরিয়ে নেওয়া হয়েছে। পরে বছিলা এলাকায় স্থায়ী বাস রাখার ব্যবস্থা করা হতে পারে।