যানজটমুক্ত রাখতে কাজ করবে হাইওয়ে ও জেলা পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার যানজটমুক্ত রাখতে হাইওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে যানজট নিরসন নিয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।ঈদে ঘরমুখো মানুষের যাতে দুর্ভোগ না হয়, সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, আজ রোববার থেকে মহাসড়কে পুলিশের তৎপরতা বাড়ানো হবে। জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, ‘ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নিশ্চিত করতে এবার সমন্বয় করে কাজ করবে হাইওয়ে ও জেলা পুলিশ। উভয় পুলিশ তৎপর থাকলে মহাসড়ক যানজটমুক্ত থাকবে। চাঁদাবাজি বন্ধ হবে এবং সন্ত্রাসী কার্যকলাপ থাকবে না।’ স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর, চান্দিনা, মাধাইয়া, বুড়িচংয়ের নিমসার, কুমিল্লা সেনানিবাস এলাকা, পদুয়ার বাজার ট্রাকস্ট্যান্ড, পদুয়ার বাজার বিশ্বরোড, সুয়াগাজী ও মিয়ারবাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এসব এলাকায় মহাসড়কের ওপর দোকানপাট বসার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া চার লেনের কাজ শেষ না হওয়ায় মহাসড়কের পাশে অনেক জায়গায় মাটি নেই। কোথাও কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় লোকজন জানায়, মহাসড়কে কোনো দুর্ঘটনা হলে দুর্ঘটনাকবলিত যান সরাতে দ্রুত রেকার মেশিন না আসায় যানজটের সৃষ্টি হচ্ছে। পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এম এম রেজাউল করিম বলেন, ‘ঈদ উপলক্ষে মহাসড়কে কোনো যানবাহনের কাগজপত্র দেখা হচ্ছে না। গাড়ি থামিয়ে কাগজপত্র দেখা হলে যানজট বাড়বে। ঈদে মহাসড়ক যানজটমুক্ত রাখার জন্য সব বাহনকে দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, মহাসড়কে ঈদ উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে পুলিশ কাজ শুরু করে দেবে। কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘ঈদ উপলক্ষে মহাসড়ক ঠিক রাখতে ব্যস্ত হয়ে পড়ছে পুলিশ। এ ক্ষেত্রে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করবে।’