ঈদ সামনে রেখে রংপুর নগরকে যানজটমুক্ত রাখতে গতকাল বুধবার থেকে নতুন ট্রাফিকব্যবস্থা চালু করা হয়েছে।
পুলিশ জানায়, নগরের প্রধান বিপণিবিতানগুলোয় যেখানে মানুষের সমাগম বেশি হয়, এসব এলাকায় ট্রাফিকব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে। এ জন্য শহরের বিপণিবিতান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, কার ও মাইক্রোবাস চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে রিকশা ও মোটরসাইকেল সব রোডে স্বাভাবিকভাবে চলাচল করবে।
নতুন এই ব্যবস্থায় শহরের মাহিগঞ্জ থেকে কামালকাছনা হয়ে জাহাজ কোম্পানীর মোড় পর্যন্ত যেতে সব যান্ত্রিক যানবাহন গুপ্তাপাড়া লায়ন্স স্কুল ও কলেজের সামনে থামবে। হারাগাছ থেকে শালবন হয়ে পায়রা চত্বরের দিকে যেতে যানবাহন সেন্ট্রাল রোডের কাস্টম অফিসের সামনে, শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানী অভিমুখী যানবাহন গ্রান্ড হোটেল মোড়ে এবং কাচারিবাজার থেকে শহরে যেতে টাউন হলের সামনে থামবে।
এ ছাড়া নতুন ব্যবস্থায় কাচারিবাজার থেকে লক্ষ্মী সিনেমা হলের পাশ দিয়ে গোমস্তাপাড়া হয়ে গ্রান্ড হোটেল মোড় দিয়ে বেরিয়ে যেতে পারবে যানবাহনগুলো।
রংপুর টাউন হলের মাঠ ও জিলা পরিষদ কমিউনিটি মার্কেটের মাঠ অস্থায়ী পার্কিং হিসেবে ব্যবহার হবে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘নগরবাসীর চলাচলের সুবিধার্থে নতুন এই ট্রাফিকব্যবস্থা চালু করা হয়েছে। আশা করি, মূল শহরে যানবাহনের চাপ থাকবে না।’