চট্টগ্রাম নগরের পতেঙ্গা-ইপিজেড-হালিশহর এলাকাকে যানজটমুক্ত রাখার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দর সড়কের ইপিজেড মোড়ে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পতেঙ্গা-হালিশহর-ইপিজেড এলাকার লাখো মানুষ প্রতিদিন যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। ৫-১০ মিনিটের পথ যেতে কখনো ঘণ্টা পার হয়ে যায়। ভয়াবহ যানজটের কারণে উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসেবা, ভ্রমণ বিপর্যস্ত হয়ে পড়েছে।
বক্তারা বলেন, বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ, বেপজা, পুলিশের ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিলে এবং ট্রাফিক পদ্ধতিতে পরিবর্তন অানা হলে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু দিনের বেশির ভাগ সময় ট্রাক, লরি রাস্তায় পার্ক করে রাখা হলেও ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।
মানববন্ধন থেকে যানজট নিরসনে কিছু প্রস্তাব তুলে ধরা হয়। বক্তারা পতেঙ্গা এলাকা থেকে কনটেইনার ডিপো সরিয়ে দেওয়া, নৌবাহিনীর ভেতরের সড়ক খুলে দেওয়া, সিইপিজেড-রেললাইন দিয়ে বিকল্প সড়ক চালু করা, অভ্যন্তরীণ সড়ক নির্মাণ এবং রাস্তার পাশ থেকে ডাস্টবিন সরিয়ে নেওয়ার দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পতেঙ্গা-ইপিজেড নাগরিক পরিষদের আহ্বায়ক জানে আলম। বক্তব্য দেন পপি চাকমা, মো. ইকবাল হোসেন, মো. ফসিউল আলম, রফিকুল হাসান, মুজিবুল হক প্রমুখ।