যানজটমুক্ত শহর চান ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনেক দিন ধরে শুনছি রাস্তায় যানজট থাকবে না। দুর্ভোগ কমবে। কিন্তু শহরে ক্রমেই যানজট বেড়ে চলেছে। জনপ্রতিনিধিরা ঠিকমতো কাজ করেন না বলেই মানুষের এত দুর্ভোগ। এবারের নির্বাচনেও যানজটমুক্ত শহরের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। কতটুকু বাস্তবায়িত হবে, তা কে জানে?’
কথাগুলো রংপুর নগরের মুলটোল এলাকার গৃহিণী সুমাইয়া আকতারের। গত বুধবার দুপুরে সিটি বাজারে এসে যানজটে আটকা পড়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বেতপট্টি, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজার, নবাবগঞ্জ বাজার প্রভৃতি এলাকা রংপুর নগরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। সিটি করপোরেশনের ২০, ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের সীমানা পড়েছে এসব এলাকায়। এখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা। সেখানে দীর্ঘ সময় নগরবাসীকে যানজটে আটকে থাকতে হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক এমনিতেই সরু। তার ওপর সড়কের দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় চলাচলের পথ সীমিত হয়ে পড়ে। ব্যাটারিচালিত অটোরিকশার আধিক্যে যানজট তীব্র আকার ধারণ করছে। এ ছাড়া যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এবারের সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের অন্যতম দাবি যানজটমুক্ত শহর। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোট চাইতে এলে তাঁরা এই দাবি তুলে ধরছেন। প্রার্থীরাও এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ভোট ও সমর্থন কামনা করছেন।
শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার হলো সিটি বাজার। বুধবার দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। সব যানবাহন থমকে আছে। রাস্তা পার হওয়ারও উপায় নেই। সেখানে বাজার করতে এসেছেন শহরের গুপ্তাপাড়ার বাসিন্দা মলয় কিশোর ভট্টাচার্য। তিনি বলেন, ‘পণ্য হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কী যে কষ্ট! কোন দিকে যাব, তারও কোনো পথ খুঁজে পাওয়া যায় না। দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে গেল। সমাধান হলো না।’ অটোরিকশাচালক মোমিনুল ইসলাম বলেন, ‘প্রত্যেক দিন কয়েকটা জায়গাত অনেকক্ষণ ধরিয়া আটকি থাকা লাগে। তাতে হামার আয়ও কমি যায়। এটা কি কারও চোখোত পড়ে না।’
পায়রা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত দূরত্ব প্রায় ১০০ গজ। এই সড়কে তীব্র যানজট। পায়রা চত্বরের পাশে সড়কের মধ্যেই অনেকগুলো ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড়িয়ে আছে। যেন অস্থায়ী স্ট্যান্ড। সাহেবগঞ্জ ও শালবন যাওয়ার জন্য যাত্রীদের হাঁক দিয়ে ডাকাডাকি করতে দেখা গেল অনেক চালককে। অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণে এখানে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। দুই থেকে তিনি মিনিটের পথ যেতে সময় লাগছে ২০ মিনিট। সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা চালক রিয়াজুল ইসলাম বলেন, ‘রাস্তাত না দাঁড়ায়া কোন্টে অটো থুই। হামার অটো রাখার কি জায়গা আছে?’
জাহাজ কোম্পানি মোড়ে চারটি সড়ক এসে মিলেছে। এই মোড়ের চারদিকেই বিপণিবিতান। এখানেও দেখা যায় সড়কের মধ্যে অসংখ্য অটোরিকশা দাঁড়িয়ে আছে। এই মোড়ের পাশে অবস্থিত হাঁড়িপট্টি, লোহাপট্টি ও বেতপট্টি। সেখানে কেনাকাটা করতে আসা লোকজনকে দীর্ঘ সময় যানজটে আটকা থাকতে হচ্ছে।
বিদায়ী মেয়র ও এবারের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আমার আমলে অধিকাংশ সময় নির্বাহী হাকিম না থাকায় যানজট নিরসনে কাজ করা কষ্টকর ছিল। বাইরের উপজেলার বিপুল অটোরিকশা শহরে প্রবেশ করায় যানজটের সৃষ্টি হয়। নির্বাচিত হলে এ সমস্যা হয়তো থাকবে না।’
জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান যানজট ভোটারদের মুখোমুখি হয়ে যানজট নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলেন, তিনি নির্বাচিত হলে অটোরিকশা চলাচলের জন্য একটি আলাদা লেন তৈরি করবেন। বাইরের অটোরিকশাগুলোকে শহরে প্রবেশে নিষেধ করা হবে। সেই সঙ্গে রাস্তার দুই পাশে যেন কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে না পারে, সে ব্যবস্থাও করা হবে।
বিএনপির প্রার্থী কাওছার জামান বলেন, নির্বাচিত হলে যানজটমুক্ত শহর গড়ে তোলার জন্য তিনি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে পদক্ষেপ নেবেন।