যানজটমুক্ত হলো তেজগাঁও ট্রাক টার্মিনালসংলগ্ন রাস্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালসংলগ্ন রাস্তার এক পাশ থেকে অবৈধভাবে রাখা ট্রাক-কাভার্ড ভ্যানগুলো সরিয়ে নেওয়ায় রাস্তাটি যানজটমুক্ত হয়েছে। এর সুফল পাচ্ছেন পথচলতি মানুষেরা। অন্য সময়ে নিয়মিত যানজটের ভোগান্তিতে পড়া এই পথে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের আর্তি—শুধু রোজার মাস নয়, রাস্তাটির অবস্থা সারা বছরই যেন এমন থাকে।
ট্রাক টার্মিনালসংলগ্ন ৬০ ফুটের এই রাস্তাটি নগরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে একটি। বছরের অন্য সময়ে রাস্তার দুই পাশ দিয়ে ট্রাক-কাভার্ড ভ্যানগুলো সারি করে রাখায় ২০ ফুট রাস্তাও ব্যবহারের উপযোগী থাকে না। ফলে সেখানে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে।
এই পথ ধরেই ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা থেকে তেজগাঁও, মহাখালী ও বনানীর দিকে যাওয়া যায়। গুলশান নিকেতনে যাওয়ার সহজ রাস্তাও এটি। এই রাস্তা ব্যবহার করে তেজগাঁও এলাকার তিনটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজসহ ১০টি শিক্ষা–প্রতিষ্ঠান, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও কয়েকটি গণমাধ্যমের প্রধান কার্যালয়সহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যাওয়া-আসা করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে টার্মিনালের সামনে দিয়ে রিকশায় ফার্মগেটের দিকে যাচ্ছিলেন আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফাইজা কবির। তিনি বলেন, ‘রাস্তাটি ৬০ ফুট চওড়া হলেও দুই পাশে পার্ক করে রাখা ট্রাকের জন্য এর বেশির ভাগটাই খালি থাকে না। তাই যানজটের কারণে মণিপুরিপাড়ার বাসা থেকে ভার্সিটি পর্যন্ত পৌঁছাতে কখনো কখনো দেড়-দুই ঘণ্টাও লেগে যায়।’
এ সময় যানজটহীন, প্রায় ফাঁকা রাস্তাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফাইজাকে বহনকারী রিকশাচালক মঈনুদ্দিন বলেন, ‘এই রহম থাকলে দিনে একশখান টিরিপ (ট্রিপ) দেওন যায়। তয় রোজার মাস গ্যালেই তো আরাম শ্যাষ।’
কয়েক বছর ধরে এই পথেই লেগুনা চালাচ্ছেন শহীদুল মিয়া। রাস্তা দখল করে রাখা ট্রাকের কারণে সৃষ্ট প্রতিদিনের তীব্র যানজটে তিনিও যাত্রীসহ নাকাল হতেন। তাঁর ভাষ্য, অন্য সময়ের চেয়ে তিনি এখন দিনে অন্তত চারটি ট্রিপ বেশি পাচ্ছেন। যে কারণে তাঁর আয়ও বেড়েছে।
পথচারীদের কয়েকজন বললেন, রাস্তা দখল করে রাখা ট্রাকগুলোর নিচে আবর্জনা এবং কাদার যে স্তূপ তৈরি হয়, তার দুর্গন্ধ আরেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বেগুনবাড়ি এলাকায় বসবাসরত জিনিয়া আফরোজের বড় মেয়ে হলিক্রস কলেজের শিক্ষার্থী। আগের নোংরা পরিস্থিতির সঙ্গে রাস্তাটির এখনকার ঝকঝকে অবস্থা কোনোভাবেই মেলাতে পারেন না তিনি। আক্ষেপ করে তিনি বললেন, ‘ইশ! এ রকমই যদি থাকত রাস্তাটা।’ এ বিষয়ে কথা হয় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়নের কার্যকরী সভাপতি নূর মোহাম্মদের সঙ্গে। তাঁর ভাষ্য, ট্রাক টার্মিনালের ভেতরে অনেকখানি জায়গা অবৈধ দখলে চলে যাওয়ায় এবং কিছু অংশ সংস্কারের অভাবে তাঁদের বাধ্য হয়ে রাস্তায় ট্রাক রাখতে হয়।
নূর মোহাম্মদ জানান, রোজার মাসে মানুষের ভোগান্তি কমাতে স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুরোধে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ রাস্তা থেকে ট্রাক সরিয়ে রাখার সিদ্ধান্ত নেয়।
তাহলে সারা বছর এটা কেন সম্ভব নয়—প্রশ্ন করলে নূর মোহাম্মদ বলেন, ‘রোজার মাসে ট্রাকের চাপ কম থাকে।’ তিনি আরও বলেন, ‘রাস্তা থেকে ট্রাক সরিয়ে রাখায় উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক আমাদের সাধুবাদ জানিয়েছেন, ময়লা সরানোর ব্যবস্থাও করেছেন। আমরা তাঁকে বলেছি, আমাদের দখল করা জায়গা সিটি করপোরেশন উদ্ধার করে দিক, তাহলে আমরা আর রাস্তায় ট্রাক রাখব না।’