যানজটে অতিষ্ঠ কুমিল্লা নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটের কারণে কুমিল্লা নগরবাসী নাকাল হয়ে পড়েছে। নগরের তিন প্রান্তে তিনটি বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। তার ওপর শহরে অনুমোদনহীন প্রায় ১০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) এবং প্রায় ১৫ হাজার রিকশা চলাচল করে। ফলে শাসনগাছা, টমছমব্রিজ ও চকবাজার দিয়ে নগরের ভেতরে ঢুকতে যাত্রীদের বেশ বেগ পেতে হয়।বৃষ্টিসহ বৈরী পরিবেশে মানুষ ও যানবাহনের চাপে শহরের প্রধান প্রধান সড়ক ঠাসা থাকে। এ কারণে সপ্তাহ দুয়েক ধরে নগরের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে নগরবাসীর অস্বাভাবিক বেশি সময় লাগছে। উদ্ভূত পরিস্থিতিতে নগরের ওই তিন স্থানে কাউকে অনুমোদনহীন অটোরিকশা ও ইজিবাইক না রাখার জন্য জেলা প্রশাসন ১৭ জুলাই থেকে মাইকিং শুরু করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরের শাসনগাছা বাসটার্মিনাল এলাকায় তিশা ও এশিয়া লাইন পরিবহনের দুইটি বাসস্ট্যান্ড রয়েছে। চকবাজার এলাকায় রিকশা ও ইজিবাইকের চাপ বেশি থাকায় এসব স্থানে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। নগরের টমছমব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন বাস, ট্রাক, টেম্পু, অটোরিকশা, ইজিবাইক, রিকশাসহ বিভিন্ন যানবাহনের জট লেগেই থাকে। ২০০৯ সালের ৫ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ বাসটার্মিনাল উদ্বোধন করা হলেও টমছমব্রিজ থেকে বাসস্ট্যান্ড সরানো হয়নি। এ কারণে দক্ষিণ কুমিল্লার ছয়টি উপজেলার বাসিন্দাদের নগরে ঢুকতে বেগ পেতে হয়।কুমিল্লা সিটি করপোরেশনের লাইসেন্স পরিদর্শক আবদুস সালাম লস্কর জানান, ২০০৭-০৮ সালে কুমিল্লা শহরে ৩০০ ইজিবাইকের অনুমোদন (লাইসেন্স) দেওয়া হয়েছিল। কিন্তু নগরে ইজিবাইকের সংখ্যা প্রায় সাত-আট হাজার। নগরের যেদিকে চোখ যায়, সেদিকেই ইজিবাইক আর ইজিবাইক। ইজিবাইকের দাপটে অস্থির কুমিল্লাবাসী। এর কারণে নগরে যানজট লেগেই থাকে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, নগরের কান্দিরপাড়, পুলিশ লাইন, শাসনগাছা, টমছমব্রিজ, চকবাজার, রাজগঞ্জ, সালাউদ্দিন হোটেল এলাকা, আদালতপাড়া, মোগলটুলি, কাপ্তানবাজার ও ধর্মপুর এলাকায় রিকশা, অটোরিকশা ও ইজিবাইকের জট লেগে আছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ক্ষমতাসীন দলের কিছু নেতা প্রতিটি ইজিবাইক থেকে মাসে ২০০ টাকা করে আদায় করেন। যে কারণে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী ইজিবাইক থেকে টাকা আদায়ের সঙ্গে জড়িত নন। তাঁদের দলের নাম ভাঙিয়ে কেউ এ কাজ করে থাকলে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।কুমিল্লা জেলা ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, রিকশার কারণে যানজট হচ্ছে। শহরে রিকশা কমিয়ে দিয়ে পুরোদমে ইজিবাইক চালু করলে যানজট কমে আসবে। একটি ইজিবাইকে পাঁচজন বসতে পারে। অথচ রিকশায় বসে দুইজন। তাই যানজটের জন্য শুধু ইজিবাইক দায়ী—এটা ঠিক নয়।বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুমিল্লার সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক রেজাউল আহসান বলেন, নগরের টমছমব্রিজ এলাকাকে যানজটমুক্ত রাখার জন্য সড়কের ওপরে কোনো হকার বসতে পারবে না; মালামাল ও নির্মাণসামগ্রী রাখা যাবে না এবং সড়কের ওপর কোনো যানবাহন দাঁড়িয়ে থাকতে পারবে না। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।জেলা ট্রাফিক পরিদর্শক মুকুল কান্তি দাশ বলেন, ‘তিনজন সার্জেন্ট আর ৩১ জন সদস্য নিয়ে “যানজটের শহর” কুমিল্লাকে যানজটমুক্ত রাখা সম্ভব নয়। ইজিবাইকের কারণে যানজট বেড়েই চলেছে। আমরা সীমিত লোকবল দিয়ে যানজট নিরসনের চেষ্টা করছি। জনগণ সচেতন হলেই নগর যানজটমুক্ত থাকবে।’