যানজটে অতিষ্ঠ রংপুর শহরবাসী
যানজট এখন রংপুর শহরের প্রধান সমস্যায় পরিণত হয়েছে। এতে বাড়ছে মানুষের ভোগান্তি। প্রধান সড়ক ঘিরে যত্রতত্র বিপণিবিতান গড়ে ওঠায় যানজট তীব্র আকার ধারণ করছে।সরেজমিনে দেখা যায়, শহরের পৌর বাজারের সামনে থেকে জেলা পরিষদ সুপার মার্কেট হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত সড়ক সকাল নয়টা থেকে ব্যস্ত হয়ে পড়ে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানজট। শহরের বিপণিবিতানগুলো এই অংশের মধ্যেই অবস্থিত। কিন্তু সড়কের দুই ধারে পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় রাস্তার ওপর রাখা হয় গাড়ি। নেই রিকশা রাখার জায়গা।পৌর পার্ক মার্কেটের সামনের ফুটপাতসহ সড়কের মধ্যে চলে সাইকেল-রিকশার কাজ। পৌর বাজারের সামনে থেকে শহরের গ্রান্ড হোটেল মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের ফুটপাত এখন আর পথচারিরা ব্যবহার করতে পারেন না। বিভিন্ন দোকানের মালের পসরা সাজিয়ে রাখা হয়। এসব নানা কারণে সড়ক সংকুচিত হয়ে গেছে। পথ চলতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় শহরবাসীকে।পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী বলেন, এখানে সড়কের যে অবস্থা তাতে একটাই উপায়—সড়ক প্রশস্ত করা, বিকল্প সড়ক তৈরি করা। নগরায়ণের পরিকল্পনায় এসব বিষয় নিয়ে ভাবনাচিন্তা চলছে।