যানজটে অবরুদ্ধ মৌচাক

মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণকাজে অব্যবস্থাপনার কারণে ওই এলাকার প্রধান সড়কসহ আশপাশে যানজট দিন দিন আরও অসহনীয় হচ্ছে। এলাকার বিপণিবিতানগুলোতে ঈদের মৌসুমেও ভালো বিক্রিবাট্টা হচ্ছে না। জনদুর্ভোগও প্রচণ্ড।
অবরুদ্ধ চারদিক: গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, মালিবাগ মোড় থেকে মৌচাকের দিকে যাওয়ার দিকটায় বাঁশ দিয়ে সড়ক বন্ধ করা হয়েছে। সামনে টানা ব্যানারে লেখা ‘রাস্তা বন্ধ। বিকল্প রাস্তা ব্যবহার করুন।’ বিপরীত দিক থেকে আসা (রামপুরা প্রান্ত) সড়কটি খোলা। সেখানে বাস ও অন্য যানবাহন রীতিমতো স্থবির হয়ে আছে।
সড়ক বন্ধ হওয়ায় মৌচাকের দিকে যাওয়ার জন্য আসা যানবাহনগুলোর চালকেরা নিরুপায় হয়ে শান্তিনগরের দিকে যেতে থাকেন। পুলিশের বিশেষ শাখা কার্যালয়ের বিপরীত দিকে সিদ্ধেশ্বরী যাওয়ার একটি গলি রয়েছে। কোনো পথ না পেয়ে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাগুলো ওই গলিতে ঢুকে পড়ার চেষ্টা করে। কিন্তু আগে থেকেই সে গলি যানবাহনে ঠাসা। পরে একে একে ঘুরে দেখা গেল, বেইলি রোড থেকে কালীমন্দির হয়ে আসা সিদ্ধেশ্বরী লেন, ভিকারুননিসা নূন স্কুলের দিক থেকে আসা সিদ্ধেশ্বরী রোড এবং আনারকলি সুপার মার্কেট-সংলগ্ন সিদ্ধেশ্বরী এলাকার প্রতিটি অলিগলি যানবাহনে ঠাসা। এমনকি পথচারীদের হাঁটার মতো অবস্থাও নেই।
আনারকলি সুপার মার্কেটের পাশের সড়ক থেকে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলমাঠ এবং মৌচাক প্রধান সড়কের দিকে যাওয়ার সব পথ খানাখন্দে ভরা। আটকে পড়া রিকশাগুলোর চালকেরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন উড়ালসড়ক নির্মাণকাজের অব্যবস্থাপনা নিয়ে। এক রিকশাচালক বললেন, ‘সেতু বানানোর কাজের জন্য আমগো আর কত দিন কষ্ট করতে অইব, কে জানে।’ অপর একজন ক্ষোভের সঙ্গে বলেন, ‘কোনো ব্যবস্থা নাই, বড় রাস্তা বন্ধ কইরা রাখলে ভিতরের রাস্তার কী দশা অয়, তা তেনারা জানেন না?’ আরেকজন বলেন, ‘এসব মহল্লায় আর খ্যাপ মারুম না।’ প্রধান সড়কে গিয়ে দেখা যায়, উড়ালসড়কের দুধারে মগবাজার এবং উত্তর দিকে মালিবাগ রেলগেটের দিকে যাওয়ার পথও যানবাহনের জটলায় স্থবির।
বিক্রিবাট্টা কম: বুয়েটের রিপোর্ট অনুসারে ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় মৌচাক মার্কেট সংস্কার করতে উচ্চ আদালতের আদেশ রয়েছে। ৭ জুন এ বিষয়ে আদেশ আসে যে, ছয় সপ্তাহের জন্য মার্কেটটি খোলা রাখা যাবে। সে অনুযায়ী ঈদ সামনে রেখে মালিকেরা দোকান খোলাও রেখেছেন। কিন্তু ভালো বিক্রিবাট্টা হচ্ছে না।
পাঁচতলা মার্কেটের প্রায় ৫০০ দোকানের বেশির ভাগেই অতীতের তুলনায় ক্রেতাদের ভিড় কম বলে জানিয়েছেন দোকানিরা। এর একটি প্রধান কারণ মার্কেটে যাতায়াত সমস্যা। নতুন ডিজাইনের থ্রি-পিস, টু-পিস সাজানো দোকানগুলোয় অতীতে তরুণী ক্রেতাদের প্রচুর ভিড় হতো। গতকাল দেখা গেল, এঁদের সংখ্যা খুবই কম। গয়নার দোকানগুলোতেও একই অবস্থা। একাধিক দোকানি বলেন, বিয়ে বা ব্যক্তিগত বিশেষ কোনো অনুষ্ঠান বাদ দিলে সারা বছরে সবচেয়ে বেশি গয়না বিক্রি হয় ঈদের আগের দিনগুলোয়। কিন্তু এবার বিক্রি অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
কয়েকজন দোকানি ক্ষোভের সঙ্গে বলেন, বন্ধ হয়ে যেতে পারে বলে এমনিতেই এই মার্কেটে আসার ব্যাপারে ক্রেতাদের কিছুটা অনীহা আছে। তার ওপর চারদিক থেকে এই মার্কেটে আসার রাস্তাগুলো এত বেশি ভাঙাচোরা এবং যানজটে স্থবির হয়ে থাকে যে, ক্রেতারা চাইলেও সহজে আসতে পারছেন না।
মৌচাক মার্কেট বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুল রহমান ৭ জুন প্রথম আলোকে বলেছিলেন, মার্কেটটি সংস্কারের নামে বন্ধ করে দিলে সবাইকে পথে বসতে হবে। গতকাল তিনি প্রায় একই কথা উল্লেখ করে বলেন, একে তো আতঙ্ক, অন্যদিকে রাস্তার এমন বেহাল অবস্থা। ক্রেতারা আসবেন কেমন করে? ঈদুল ফিতর উপলক্ষে সব দোকানিই বেশি করে মালামাল কিনে রেখেছিলেন। কিন্তু বিক্রি হচ্ছে কম। মার্কেটে শাড়ির দোকানের তিনজন মালিকের সঙ্গে কথা হয়। তাঁরা বললেন, ঈদ সামনে রেখে দোকানে অনেক মালামাল তুলেছিলেন, কিন্তু সে তুলনায় বিক্রি নেই। একই অবস্থা এলাকার আনারকলি সুপার মার্কেট ও সেঞ্চুরি আর্কেডেরও।