যানজটে অস্থির ঢাকাবাসী

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার যানজটে অস্থির ঢাকাবাসী। শহরের বনানী, আগারগাঁও, শাহবাগ, কারওয়ানবাজার, সোনারগাঁও ক্রসিংয়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রাস্তায় বের হওয়া মানুষ।
সরেজমিনে এই প্রতিবেদক রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র থেকে ফার্মগেটে পৌঁছেছেন এক ঘণ্টারও বেশি সময়ে। শাহবাগের একপাশে গাড়ি চলাচল কিছুটা কম ছিল। অন্যপাশে গাড়ির প্রচণ্ড চাপ দেখা গেছে। ভিআইপি সড়কগুলোতে গাড়ির চাপ বেশি ছিল।
নাম প্রকাশ না করে কয়েকজন ট্রাফিক সার্জেন্ট বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বকশীবাজার আদালতে গেছেন। তারওপর মন্ত্রিপরিষদের বৈঠক রয়েছে। এ কারণে যানজট বেড়েছে।
ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, আজ কর্মদিবস ছিল। মহাখালী ও মগবাজার রেলক্রসিংয়ে তুলনামূলক ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের কারণেও গাড়ি থেমেছিল। এ সময় উত্তরার দিকে যে গাড়িগুলো যাচ্ছিল, সেগুলো আটকে রাখতে হয়েছে। এর প্রভাব সড়কে পড়েছে।