যানজটে আটকা মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রেনের ধাক্কায় যানজটে আটকে পড়া একটি মাইক্রোবাস ছিটকে কয়েকটি রিকশা ও মোটরসাইকেলের ওপর পড়ে। এতে মাইক্রোবাসের চালক আবুল কালাম (৪৩) ও মোটরসাইকেল আরোহী আবদুল বারেক (৪২) আহত হন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস, মোটরসাইকেল ও কয়েকটি রিকশা দুমড়ে-মুচড়ে যায়। 
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানার পুলিশ জানায়, মাইক্রোবাসটি শাহজাহানপুর থেকে খিলগাঁওয়ের দিকে যাচ্ছিল। সকাল ১০টা ১০ মিনিটে মাইক্রোবাসটি রেলক্রসিংয়ে উঠে আটকে পড়ে। এর পরপরই ক্রসিংয়ের প্রতিবন্ধক (বেরিকেড) ফেলা হয়। এ সময় সামনে-পেছনে ছিল রিকশা ও অন্য যানবাহনের দীর্ঘ সারি। এর দুই মিনিট পরে ট্রেন চলে আসে। মাইক্রোবাসের চালক ইঞ্জিন চালু করলেও সামনে-পেছনে ঠাসা রিকশা ও অন্য যানের কারণে সরতে পারেনি। এ সময় রিকশাসহ অন্যান্য যানবাহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিকশার যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে পড়েন। আশপাশের লোকজন এসে সামনের রিকশাগুলো সরানোর চেষ্টা করে। কিন্তু তা সম্ভব হয়নি। মাইক্রোবাসের সামনের রিকশা ও অটোরিকশা থেকে যাত্রীরা নেমে নিরাপদে সরে যান।
খিলগাঁওয়ের ক্রসিংয়ের কর্তব্যরত গেটম্যান জানান, সময়মতো তিনি বেরিকেড দণ্ড ফেলেন। মাইক্রোবাসের চালক আসনে বসে থেকে গাড়ি চালিয়ে সরানোর চেষ্টা করছিলেন। এ সময় আশপাশের লোকজন ‘ট্রেন আসছে ট্রেন আসছে’ বলে চিৎকার দিতে থাকেন। এরই মধ্যে কমলাপুর থেকে চট্টগ্রামগামী ট্রেনটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটির পেছনে প্রচণ্ড ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে এটি ছিটকে রাস্তার উল্টেপাশে বেরিকেড দণ্ডের ওপর পড়লে সেটি কয়েক খণ্ড হয়ে যায়। মাইক্রোবাসটি উল্টে পড়ে রিকশার ওপর। মাইক্রোবাসটির চারদিকে ভেঙে চুরমার হয়ে যায়। এতে অন্তত ছয়টি রিকশা ও একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পরে আশপাশের লোকজন মাইক্রোবাসের ভেতর থেকে চালক আবুল কালামকে টেনে বের করে। তাঁর শরীরের একাধিক স্থানে জখম হয়েছে। মোটরসাইকেল আরোহীর শরীরে চোট লাগে।
জিআরপি থানার পুলিশ জানায়, মাইক্রোবাসের চালক কালাম ও মোটরসাইকেল আরোহী বারেককে খিলগাঁওয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, ট্রেন আসার সংকেত পেয়েও মাইক্রোবাসটি রেলক্রসিংয়ে উঠে পড়ে। মাইক্রোবাসটি জাতীয় ফুটবল দলের সাবেক একজন সদস্যের বলে জানা গেছে।
৫ সেপ্টেম্বর সকালে কারওয়ান বাজার মাছের আড়তসংলগ্ন রেললাইনে দুটি ট্রেনের মধ্যবর্তী স্থানে মাছবাজারে আসা ক্রেতা-বিক্রেতারা আটকা পড়েন। এতে পাঁচজন প্রাণ হারান এবং আহত হন চারজন।