আর মাত্র চার দিন পর পবিত্র ঈদুল আজহা। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে পথে যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে তাদের। গতকাল শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এর রেশ চলে প্রায় সারা দিন।
মির্জাপুর উপজেলার গোড়াই মহাসড়ক থানার পরিদর্শক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে মুষলধারে বৃষ্টি হওয়ায় এবং মহাসড়কের কোরবানির পশুবোঝাই ট্রাকের সংখ্যা বেড়ে যাওয়ায় চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশের ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন গরুবোঝাই ট্রাকের চালক, গরুর ব্যবসায়ী ও ঘরমুখী যাত্রীরা।
সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী গরুবোঝাই ট্রাক নিয়ে যানজটে পড়েন গরুর মৌসুমি ব্যবসায়ী জাকির হোসেন। তিনি বলেন, সিরাজগঞ্জ থেকে রাত সাড়ে তিনটায় রওনা হয়ে কালিয়াকৈর বাইপাস এলাকায় পৌঁছান সকাল সাড়ে ১০টায়। রাস্তায় বেশ যানজট। ট্রাক কিছু দূর চলে, আবার থেমে থাকতে হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ সামনে রেখে আগেভাগে চাকরিজীবীদের পরিবারের বেশির ভাগ সদস্য গ্রামের বাড়ি যেতে শুরু করেছেন। এ কারণে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। এ ছাড়া উত্তরাঞ্চল থেকে গরুবাহী ট্রাক ঢুকছে ঢাকায়। এর মধ্যে গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা ত্রিমোড় ও কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় কিছুক্ষণ পরপর যানজটের সৃষ্টি হচ্ছে। উত্তরাঞ্চলগামী পরিবহনগুলোর শতাধিক বাস কাউন্টার রয়েছে চন্দ্রা মোড়ে। এসব কাউন্টার থেকে যাত্রী উঠছে।
শত শত বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যায়। অথচ মহাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে; সৃষ্টি হয়েছে খানাখন্দ। মহাসড়কের পাশে আছে বহু অবৈধ স্থাপনা। যত্রতত্র গাড়ি থামানো হয়। এ ছাড়া রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা যখন-তখন মহাসড়কে ওঠে। এসব কারণে সৃষ্টি হয় যানজট।