যানজটে চিড়েচ্যাপ্টা মানুষ

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ আজ শনিবারও দুর্ভোগ পোহাচ্ছে মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আজও তীব্র যানজট চলছে। এসব এলাকায় যানবাহনের দীর্ঘ সারি। কোথাও গাড়ির গতি খুবই ধীর, কোথাও স্থবির। আর সবকিছুর মধ্যে পড়ে চিড়েচ্যাপ্টা হচ্ছে হাজার হাজার মানুষ। ঢাকামুখী অতিরিক্ত যাত্রী, যানবাহনের চাপ আর অব্যবস্থাপনার কারণেই যানজট এত তীব্র। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির শেষ নেই
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টানা তৃতীয় দিনের মতো আজ শনিবারও তীব্র যানজট রয়েছে। মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রী আশরাফ মিয়া বলেন, গতকাল বিকেলের দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এখন পর্যন্ত মির্জাপুরই অতিক্রম করতে পারেননি।
মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজ মিয়া বলেন, ‘হজে যেতে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছি। এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি।’ ক্ষোভের সঙ্গে বললেন, ‘মহাসড়ক চার লেন হবে বলে দীর্ঘদিন ধরে শুনছি। কিন্তু তার কোনো নমুনা নেই। কবে যে এ ভোগান্তি কমবে!’
পুলিশ, যানবাহনের চালক ও ভুক্তভোগী যাত্রীরা জানান, দুই দিন হরতালের পর ঈদের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকে লোকজন কর্মস্থলে ফিরতে শুরু করেন। এতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এর মধ্যে গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়া, ধেরুয়া রেল ক্রসিংয়ের ওপর গর্তের সৃষ্টি ও ট্রেন চলাচলের সময় ধেরুয়ায় যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজট লেগে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে আজ মহাসড়কে যানবাহনের গতি গতকালের চেয়ে বেড়েছে।
মির্জাপুরের গোড়াই মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল আলম জানান, সড়কে যানবাহনের চাপ থাকলেও চলাচল থেমে নেই। পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মহাসড়ক চার লেনের বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি যত দূর জানি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন করার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ আরও ভালো বলতে পারবে।’
মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মামুনুর রশীদ বলেন, মহাসড়ক চার লেন করার প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। এক বছরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
দৌলতদিয়ায় গাড়ির সারি, কাঁচা পণ্য পচে যাচ্ছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত তিন দিন ধরে যানবাহনের চাপ চলছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে ছেড়ে আসা পাঁচ শতাধিক যানবাহন আজ শনিবার বিকেল পর্যন্ত পারাপারের অপেক্ষায় রয়েছে। দুই দিন আগে আসা অনেক পণ্যবাহী ট্রাকও আটকে আছে। দুপুরে দেখা গেছে, ফেরিঘাট থেকে প্রায় চার কিলোমিটার লম্বা শুধু ট্রাকের সারি। এ ছাড়া ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যাত্রীবাহী বাসের সারি।
ট্রাকচালক শহিদুল ইসলাম জানান, যশোর থেকে পেঁপে বোঝাই করে ঢাকার উদ্দেশে গত শুক্রবার সকালে তিনি রওনা হন। আজ সকালে দৌলতদিয়ায় এসে ঘাট থেকে প্রায় চার কিলোমিটার দূরে যানজটে আটকা পড়েন। তাঁর কাঁচা পণ্যে পচন ধরেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, তিন শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে কম গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি কাঁচা পণ্যের গাড়ি ও যাত্রীবাহী বাস দ্রুত পার করার জন্য সিরিয়াল ঠিক রাখা হচ্ছে। এতে কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়াই মানুষ কর্মস্থলে যেতে পারছে।