যানজটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন ঘরমুখো যাত্রীরা। পশু ও পণ্যবাহী ট্রাকও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। 
আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়কে যানজট থাকার খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার গভীর রাত থেকে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়।
রাত তিনটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কে যানজট বিস্তৃত হয়।
কয়েকজন যাত্রী ও চালক বলেন, যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে কেটে যাচ্ছে। সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মির্জাপরের গোড়াই হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলী বলেন, ঈদ ও পূজা উপলক্ষে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এখন থেমে থেমে যানবাহন চলছে।