যানজটে থেমে গেল বিশ্ববিদ্যালয় যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে বাস ছিল শনিবার বিকেল সাড়ে পাঁচটায়। বাস ছেড়েছে রাত সাড়ে আটটায়। রাস্তার যে অবস্থা, তাতে রাজশাহী আসতে রোববার দুপুর গড়িয়ে গেল। অথচ ছোট ভাইয়ের পরীক্ষা ছিল সকাল সাড়ে আটটায়। তার পরীক্ষায় বসা হলো না।

আক্ষেপ করে কথাগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল মশহুরের বড় ভাই আব্দুল্লাহ আল মনসুর। শুধু মশহুর নন, তাঁর মতো আরও কয়েক শ শিক্ষার্থী ঢাকা থেকে বাসে রওনা দিয়ে নির্ধারিত সময় ভর্তি পরীক্ষার হলে উপস্থিত হতে পারেননি। ঢাকা-রাজশাহী মহাসড়কে দীর্ঘ যানজটে আটকা পড়ে তাঁদের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থেমে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমানের ভাষ্যমতে, ‘পরীক্ষায় উপস্থিতি স্বাভাবিক ছিল। যে কয়েকজন আসতে পারেনি তাদের জন্য আমাদের করার তেমন কিছু নেই।’

গতকাল রোববার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে তিন পালায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিট ও দুই পালায় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ‘ই-১’, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘ই-২’ এবং দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ‘ই-৩’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কলা অনুষদের ‘এ-১’ এবং বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ‘এ-২’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ই’ ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ৪১ হাজার ২৩২ জন। এর মধ্যে ৩৪ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী উপস্থিত হন বলে অনুষদ সূত্রে জানা গেছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফয়জার রহমান প্রথম আলোকে বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদে মোট উপস্থিতির হার ৮৪ দশমিক ১৪ শতাংশ। প্রতিবছর ৮৫ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হন। ফলে এটা খুব অস্বাভাবিক নয়। ৭০ শতাংশের নিচে নামলে অস্বাভাবিক মনে হতো। তিনি জানান, অন্য দুই পালার চাইতে প্রথম পালায় (ই-১) ২০০ জনের মতো শিক্ষার্থী কম উপস্থিত ছিলেন।

ভর্তিচ্ছু আলামিন সাদিক গতকাল সকাল আটটায় মুঠোফোনে বলেন, ‘আমি ভর্তি পরীক্ষা দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসি শনিবার। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হানিফ পরিবহনের বাসে রাজশাহীর উদ্দেশে যাত্রা করি। এখনো আটকে আছি যমুনা সেতুর পূর্ব পাড়ে। টাঙ্গাইল পার হতেই পুরো রাত পার হয়ে যায়।’ তাঁর মতো আরও কয়েক শ পরীক্ষার্থীকে যানজটে আটকে থাকতে দেখেছেন সাদিক।

জালিয়াতি করায় একজন আটক

সকাল সাড়ে আটটায় ‘ই-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর পর জালিয়াতির দায়ে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর লুৎফর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে আটক করা রবিউল ইসলামের বাড়ি জামালপুর সদর উপজেলার চন্দ্রা এলাকায়। তিনি আব্দুল মতিন নামের এক ভর্তিচ্ছুর বদলে পরীক্ষা দিচ্ছিলেন।

ছাত্রলীগের মিছিল, শিবিরের লিফলেট

২০০৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। গতকাল থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা উপলক্ষে আবারও ক্যাম্পাসে মিটিং-মিছিল, সভা-সমাবেশ, নিষিদ্ধ করা হয়। তবে সেই নিষেধাজ্ঞা ভেঙে দুপুর পৌনে ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে গিয়ে শেষ হয়। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

অন্য সময় প্রকাশ্যে সাংগঠনিক তৎপরতা চোখে না পড়লেও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন স্টেশনবাজার, মেহেরচণ্ডী, বুধপাড়া এলাকায় লিফলেট বিতরণ করেছেন শিবিরের নেতা-কর্মীরা।