যানজটে দুর্বিষহ একদিন
পবিত্র শবে মিরাজ উপলক্ষে রাজধানীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। তাই স্বাভাবিক যানজট কিছুটা কমার কথা। কিন্তু উল্টোটা হয়েছে গতকাল রোববার। গভীর রাত পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।
যানজটের শুরু সকাল থেকেই। বেলা বাড়ার সঙ্গে বেড়েছে এর তীব্রতা। বিকেলে অফিস-আদালত ছুটির পর যানজট ছড়িয়ে পড়ে অলি-গলিতেও। যানজটের সঙ্গে গরম মিলে দুর্বিষহ একটা দিনই পার করতে হয়েছে ঢাকাবাসীকে।
যানজটের কারণ সম্পর্কে ট্রাফিক পুলিশের একাধিক সদস্য জানান, গতকাল দিনভর বিভিন্ন সংগঠনের রাজনৈতিক কর্মসূচি ছিল। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেশ কিছু কর্মসূচি ছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের উদ্যোগ বিকেলে ছিল ছাত্রসমাবেশ। ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে দুপুরের পর থেকেই বাস ভর্তি করে নেতা-কর্মীদের সমাবেশে আসতে দেখা গেছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেলে আসন্ন বাজেট উপলক্ষে সমাবেশ করে। প্রেসক্লাব ও পল্টন এলাকায় এমন আরও বেশ কিছু কর্মসূচি পালিত হয় গতকাল।
রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, তিনি বিকেলে নরসিংদী থেকে যাত্রাবাড়ী দিয়ে ঢাকায় প্রবেশ করেই যানজটে পড়েন। প্রায় সাড়ে তিন ঘণ্টায় শাহবাগে পৌঁছান। সেখান থেকে বাংলামোটর ও কারওয়ান বাজার পাড়ি দিতে লেগেছে আরও দুই ঘণ্টা। সব মিলিয়ে সাড়ে পাঁচ ঘণ্টায় মণিপুরিপাড়ায় পৌঁছান। এ সময় ঘেমে-নেয়ে একাকার হতে হয়।
বেলা তিনটার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দেখা যায় সব কটি সড়কই যানবাহনে ঠাসা। এর মধ্যে রাসেল স্কয়ার থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সড়ক ছিল প্রায় নিশ্চল। সিগন্যালগুলোতে এক পাশে যানবাহন ছাড়লে অন্য পাশে আটকে থাকা যানবাহনের চালকেরা একের পর এক হর্ন দিতে থাকেন। এ সময় ট্রাফিক পুলিশ সদস্যদেরও গলদঘর্ম হতে দেখা যায়। আজিমপুরমুখী সেফটি পরিবহনের চালক আবদুল মোমিন বলেন, মিরপুর থেকে আজিমপুর পর্যন্ত তাঁর গন্তব্য। প্রতিদিন ভোর থেকে বেলা তিনটার মধ্যে চারবার আসা-যাওয়া করেন। কিন্তু যানজটের কারণে গতকাল দুবারই পূর্ণ করতে পারেননি।
সন্ধ্যার পর মহাখালী উড়ালসড়কের আশপাশে যেন যানবাহন ছিল অনেকটাই নিশ্চল।
তেজগাঁও-গুলশান লিংক রোড থেকে লালমাটিয়ার বাসার উদ্দেশে সন্ধ্যা সোয়া সাতটার দিকে রওনা হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা ফুয়াদ সানজারী। রাত নয়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আসতে পারে তাঁর ব্যক্তিগত গাড়িটি। এর মধ্যে মহাখালী উড়ালসড়কের নিচেই কেটে যায় প্রায় এক ঘণ্টা।
রাতে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, মিরপুর রোড ও টঙ্গী ডাইভারশন রোডে দীর্ঘ যানজট দেখা গেছে।