যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত বুধবার রাতে যানবাহন বিকল ও দুর্ঘটনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের বাসচালক নজরুল ইসলাম বলেন, তিনি বুধবার দিবাগত ভোর সাড়ে চারটার দিকে এলেঙ্গায় যানজটে পড়েন। সকাল সোয়া আটটায় মির্জাপুর পার হন। অথচ এ পথ পাড়ি দিতে ৫০ মিনিট লাগার কথা।
পুলিশ, ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মির্জাপুরের কদিম ধল্যা এলাকায় মহাসড়কের ওপর একটি ট্রাক বিকল হয়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর কিছুক্ষণ পর মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় আরেকটি ট্রাক বিকল হয়। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে জটের সৃষ্টি হয়। যানজট একপর্যায়ে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ হয়। গতকাল ভোরে পুলিশ ট্রাক দুটি রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলতে শুরু করে। সকাল সোয়া সাতটার দিকে মির্জাপুরের ধেরুয়া এলাকায় নাসির গ্লাস কারখানার সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে সাতজন বাসযাত্রী আহত হন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়। তবে মহাসড়কের ওপর দুর্ঘটনাকবলিত যান দুটি থাকায় জটের তৈরি হয়।
খবর পেয়ে পুলিশ এসে রেকার দিয়ে যান দুটি সরিয়ে নিলে সকাল নয়টার দিকে যানবাহন চলতে শুরু করে। সকাল ১০টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকাগামী একটি ট্রাকের চালক আলামিন মিয়া বলেন, তিনি গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে টাঙ্গাইলে যানজটে পড়েন। সেখান থেকে ৪০ মিনিটের রাস্তা প্রায় আড়াই ঘণ্টায় পারি দিয়ে সকাল আটটার দিকে মির্জাপুর পৌঁছান।