যানজটে নাকাল ঈশ্বরদীবাসী
পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই অসহনীয় যানজটে নাকাল পাবনার ঈশ্বরদী পৌরবাসী। ট্রাফিক ব্যবস্থার বেহাল দশার কারণে এই যানজটের সৃষ্টি বলে শহরবাসীর অভিযোগ।
শহরবাসী ও ব্যবসায়ী সূত্র জানায়, ঈশ্বরদী বাজারের প্রধান সড়কের দুই পাশে ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের রাস্তায় যেখানে-সেখানে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হচ্ছে। রমজানের শুরু থেকে যানজট বেড়ে গেছে। শহরের রেলগেট, ফকিরের বটতলা, জামে মসজিদ ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে সড়কের ওপর রড-সিমেন্ট আর কুরিয়ার সার্ভিসের মালামাল গাড়িতে নিয়মিত ওঠানো-নামানোর কারণেই যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া স্টেশন রোড, চাঁদ আলী মোড়, কলেজ রোড, বিমানবন্দর সড়ক, রেলগেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার দুই পাশে একই অবস্থা হওয়ায় দিনের বেশির ভাগ সময় যানজট লেগে থাকে।
ঈশ্বরদীর সংবাদপত্র ব্যবসায়ী শেখ মহসীন বলেন, ‘কাজের জন্য প্রতিদিন সকালে শহরে ঢুকতে হয়। ঢুকেই যানজটের কবলে পড়ে হোঁচট খেতে হয়। যানজটের কারণে প্রায় দিনই দূরে কোথাও রাস্তার পাশে মোটরসাইকেল রেখে হেঁটে অফিসে যেতে হয়।’ শহরের পিয়ারাখালী এলাকার তরুণ ব্যবসায়ী তামিমুল ইসলামের অভিযোগ ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই যানজটে দীর্ঘ সময় নষ্ট হয়।
সরেজমিনে দেখা গেছে, ব্যস্ততম এলাকা রেলগেট ও আলহাজ মোড়ের দুটি ট্রাফিক আইল্যান্ডের একটিতেও ট্রাফিক পুলিশ নেই। বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা আন্তজেলার সব বাসই রেলগেটের ট্রাফিক মোড়ে সড়কের মাঝখানেই যাত্রী ওঠায়-নামায়।
স্থানীয় চার-পাঁচজন ব্যবসায়ী অভিযোগ করেন, ট্রাফিক পুলিশের সামনে যানজট লেগে থাকলেও তাঁরা কোনো পদক্ষেপ নেন না। বিমানবন্দর সড়কের ব্যবসায়ী মজনু মিয়া বলেন, সবসময় যানজট থাকায় ব্যবসা করা কষ্টকর হয়ে পড়েছে। যানজটের কারণে অনেক ক্রেতাই দোকানে আসতে চান না।
নাগরিক মঞ্চের উদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ বলেন, শহরে ট্রাফিক আইন প্রয়োগের মাধ্যমে জরুরি ভিত্তিতে যানজট নিয়ন্ত্রণ করা দরকার।
সম্প্রতি ঈশ্বরদী উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নতি করার জন্য আলোচনা অনুষ্ঠিত হয়।
পৌরসভার মেয়র মকলেছুর রহমান বলেন, শহরের প্রধান সড়ক, ফুটপাত ও বাজারের সামনের এলাকা রিকশাস্ট্যান্ড হয়ে গেছে। অনেকেই ট্রাফিক আইন মেনে চলছেন না।
ঈশ্বরদীর ট্রাফিক পুলিশ যানজটের জন্য কয়েকটি কারণ চিহ্নিত করেছে। এগুলো হলো শহরে সিএনজি অটোরিকশাসহ অবৈধ ভটভটির সংখ্যা বৃদ্ধি, অপ্রশস্ত রাস্তা, ফুটপাত দখল, ট্রাফিক আইন মেনে না চলা প্রভৃতি।
ঈশ্বরদী অঞ্চলের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) সাইদুল হক খান বলেন, ব্যস্ততম এই শহরে ট্রাফিক পুলিশের মাত্র ১৮ জন সদস্য কাজ করছেন। কিন্তু দরকার আরও ১০ জন। সড়কের দুই পাশে যানবাহন না রাখার জন্য তারা একাধিকবার প্রচার-প্রচারণা চালালেও কেউ মানছেন না। আইন প্রয়োগ করতে গেলে স্থানীয়ভাবে কিছু সমস্যা হয়। রোজা ও ঈদের কারণে ট্রাফিক পুলিশ বিশেষ ভূমিকা পালন করছে।