
প্রশস্ত রাজপথ আর চোখ জুড়ানো সব ভবন, তবু প্রতিদিন সকাল-বিকেল পথ চলতে উত্তরাবাসীর কপালে ভাঁজ ফেলে দেয় অসহনীয় যানজট। যার কেন্দ্রবিন্দু এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর। এই যানজটে আটকে আছেন উত্তরার বাসিন্দারা, যাঁদের নিয়মিত বিভিন্ন কাজে রাজধানীর অন্য প্রান্তে যেতে হয়।
ভোরের আলো ফুটতে না-ফুটতেই বিমানবন্দর চত্বরে যানজটের শুরু। ঘড়ির কাঁটায় সকাল সাড়ে সাতটা বাজতেই এর মাত্রা প্রকট আকার ধারণ করে, যা ছড়িয়ে পড়ে উত্তরার জসীমউদ্দীন চত্বর হয়ে হাউস বিল্ডিং পর্যন্ত। আরেক অংশের যানজট চলে যায় বিমানবন্দরের পার্কিং এলাকায়। আশকোনা হজ ক্যাম্পের সড়কেও আটকে থাকে অসংখ্য যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, দখলের কারণে ছোট হয়ে এসেছে আশকোনা হজ ক্যাম্প প্রবেশমুখ। বাবুস সালাম মসজিদ মার্কেট ও বিমানবন্দর গোলচত্বর মার্কেট সংকুচিত করেছে চত্বরটির একাংশ। আর এখানেই থমকে থাকে যানবাহনগুলো। রাত পর্যন্ত থাকে একই অবস্থা।
উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসিন্দা আকিলা খাতুনকে এই যানজট ভেঙে প্রতিদিন যেতে হয় রাজধানীর মতিঝিলে নিজের কর্মস্থলে। গতকাল মঙ্গলবার তিনি নিজের গাড়িতে চড়ে জসীমউদ্দীন সড়ক চত্বরে আসেন সকাল পৌনে আটটার দিকে। আর বিমানবন্দর চত্বর পার হন সকাল পৌনে নয়টায়।
আকিলা খাতুন বলেন, অনেক সময় ভেতরের রাস্তা হয়ে বিমানবন্দর চত্বরে আসতে হয়। এতে যানজটে না পড়লেও অনেকটা পথ ঘুরতে হয়। তাঁর মতে, উড়ালসেতু নির্মিত না হলে বিমানবন্দর চত্বরের যানজট কমবে না।
কর্মব্যস্ত এই চত্বর দিয়ে চলাচলকারী বেশ কয়েকজন পথচারী, যানবাহনের যাত্রী, দায়িত্বরত ট্রাফিক বিভাগসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিমানবন্দরের এই এলাকায় যানজটের মাত্রা বেড়েই চলেছে। এ কারণে এখানে দুর্ঘটনাও বাড়ছে।
উত্তরা ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) জিন্নাত আলী জানান, চত্বরের এক শ মিটারের মধ্যে বিমানবন্দর, রেলস্টেশন ও রেলক্রসিং আছে। তা ছাড়া কিছু দূরে জসীমউদ্দীন সড়ক চত্বরে আছে বেশ কয়েকটি বড় স্কুল। সেখানে সকালে অসংখ্য প্রাইভেট কার শিক্ষার্থীদের নিয়ে আসে। এ জন্য যানজট হয় এখানে। আর বিমানবন্দর ও রেলস্টেশনের কারণে লোকজনের আসা-যাওয়া তো আছেই।
এ পুলিশ কর্মকর্তা বলেন, যানবাহন ও পথচারী—সবদিকে নজর রাখতে হয়। আর প্রতিদিন ৮০ বার রেলক্রসিং বার নামানো হয়। তাই প্রতিদিন সব মিলিয়ে সাড়ে তিন ঘণ্টা সময় চলে যায়। এ সময় চত্বরে পূর্ব ও পশ্চিম প্রান্তের সড়কে যানবাহন আটকাতে হয়।
উত্তর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, ২০১৪ সালে বিমানবন্দরের সামনে একটি বাসের চাপায় প্রাণ হারান চারজন। তখন যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিমানবন্দর চত্বরে আন্ডারপাস নির্মাণের সুপারিশ করা হয়। এর আশ্বাস মিললেও বাস্তবে কোনো তৎপরতা এখনো দেখা যায়নি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিমানবন্দর চত্বরে রেলস্টেশনের উল্টো দিকে একটি পাঁচতারকা হোটেল, একটি দশতলা শপিং সেন্টার ও সিভিল অ্যাভিয়েশনের কার্যালয় ভবন নির্মাণ করা হচ্ছে। তাই সঠিক পরিকল্পনা করে তার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে এখানে যানজট বাড়বে।