যানজটে নাকাল কুমিল্লা নগরবাসী
অনুমোদনহীন যানবাহন, সড়কের পাশে নির্মাণসামগ্রী স্তূপ করে রাখা কিংবা বিপণিবিতান গড়ে তোলা, সড়কের প্রশস্ততার ঘাটতি ও ফুটপাত দখলের মতো নানা কারণে কুমিল্লা নগরে যানজট বেড়ে চলেছে। সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন এ ক্ষেত্রে কার্যকর কোনো ভূমিকা না রাখায় অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে এক থেকে ১৮ নম্বর ওয়ার্ডে যানজট সবচেয়ে বেশি। এই ১৮টি ওয়ার্ডের মধ্য দিয়ে যাওয়া ১৪৭ কিলোমিটার দীর্ঘ সড়কে নথিপত্র অনুযায়ী ১০ হাজার ৫৩০টি রিকশা চলার কথা। কিন্তু চলছে এর দ্বিগুণ। উপরন্তু রয়েছে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ও রিকশা। আছে সিএনজিচালিত নম্বরবিহীন অটোরিকশা। রমজানে দুপুরের পর থেকে পথ চলাই কঠিন হয়ে পড়ে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের কান্দিরপাড় প্রধান সড়কের ওপর বিপণিবিতান নির্মাণ করছে স্বয়ং সিটি করপোরেশন। এলাকাটিতে যানজট লেগেই থাকে। নগরের বাদুড়তলা এলাকায় সড়কের পাশে ফুটপাত দখল করে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এ ছাড়া কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ, ছাতিপট্টি এলাকায় ফুটপাত দখল করে পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ ছাড়া নগরের কান্দিরপাড় লাকসাম সড়ক, শাসনগাছা, চকবাজার, টমছমব্রীজ ও পূবালী চত্বর মোড়ে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড রয়েছে। ফলে যানজটে পদে পদে নাকাল হচ্ছে সাধারণ মানুষ।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘জনপ্রতিনিধি ও পুলিশ চাইলেই নগরকে যানজটমুক্ত রাখতে পারে। অবৈধ যানবাহন সরিয়ে দিলেই কুমিল্লায় আর যানজট থাকে না। কিন্তু নিয়ম না মানাটাই এখানকার সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।’
কুমিল্লা সিটি করপোরেশনের যানবাহনের লাইসেন্স পরিদর্শক কাজী আতিকুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় চলাচলের জন্য ১০ হাজার ৫৩০টি রিকশার অনুমোদন রয়েছে।’
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুমিল্লা জেলার সহকারী পরিচালক এ কে এম মিজানুর রশিদ বলেন, ‘কুমিল্লা জেলায় সিএনজিচালিত অটোরিকশা রয়েছে আট হাজার ৩২০টি। এর বাইরে অনুমোদনহীন যেগুলো চলছে, সেগুলোর ব্যাপারে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি।’
পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ‘সড়ক ব্যবস্থাপনায় ত্রুটি ও অনুমোদনহীন যানবাহনের কারণে কুমিল্লা নগরে যানজট হচ্ছে। সিটি করপোরেশন চাইলেই নগরকে যানজটমুক্ত রাখতে পারে। সড়ক ও এর আশপাশ থেকে অবৈধ দখলদারদের তুলে দিলেই যানজট অনেকটা কমে যাবে। অনুমোদনহীন যানবাহন সরিয়ে নিতে হবে। এবার নগরকে যানজটমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে নগরের ছয়টি পয়েন্টে ১৮টি ক্যামেরা বসানো হয়েছে। কোথাও যানজট হলে এসব ক্যামেরার মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসছে ও তাৎক্ষণিকভাবে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’