যানজটে নাকাল কুমিল্লা শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের বিভিন্ন সড়কে প্রায় প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে। লাইসেন্সবিহীন রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় সড়কে চাপ বাড়ছে। এটা যানজটের প্রধান কারণ বলে অনুসন্ধানে জানা গেছে। এ ছাড়া সড়কের ওপর যত্রতত্র যানবাহন রাখার কারণে যানজট বেড়েই চলছে। এ অবস্থায় শহরবাসী চৈত্রের খরতাপের মধ্যে যানজটে নাকাল হয়ে পড়েছে। এদিকে ব্যাটারিচালিত অটোরিকশার অধিকাংশেরই লাইসেন্স নেই বলে দাবি করেছেন কুমিল্লা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরিফ। তিনি বলেন, ‘পৌর এলাকায় ৩০০ ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু শহরে কমপক্ষে এক হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।’গত বুধবার বেলা ১১টায় সরেজমিন দেখা গেছে, শহরের কান্দিরপাড়ের পূবালী চত্বরের চারদিকের সড়কেই যানজট লেগে আছে। যানজটে আটকা পড়া বাহনগুলোর অধিকাংশই রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা। শহরের বাদুড়তলার ওয়াইডব্লিউসিএ স্কুল, কান্দিরপাড় থেকে টমছমব্রিজ সড়ক, রানীরবাজার সড়ক, চকবাজার এবং শাসনগাছা বাস টার্মিনালে যানজট বেশি হচ্ছে। এদিকে কুমিল্লা পৌর এলাকায় নয় হাজার রিকশার লাইসেন্স থাকলেও কমপক্ষে ১৫ হাজার রিকশা চলাচল করে। কুমিল্লার ট্রাফিক ইন্সপেক্টর অভিজিত্ চাকমা বলেন, ‘তিনজন সার্জেন্ট, দুজন হাবিলদার আর ৩০ জন কনস্টেবলসহ মোট ৩৫ জন পুলিশ দিয়ে হাজার হাজার যানবাহন সামলানো কঠিন। আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে যানজট নিরসন করা সম্ভব নয়।’বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), কুমিল্লা জেলার সভাপতি ও কুমিল্লার জেলা প্রশাসক আবদুল মালেক বলেন, ‘শুধু রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাই যানজটের কারণ নয়। সড়কের ওপর নির্মাণসামগ্রী ও যানবাহন রেখেও যানজট সৃষ্টি করা হচ্ছে। আমরা এগুলো কঠোর হাতে দমন করব। যানজট নিরসনে করণীয় কী, তাও ভেবে দেখছি।’