যানজটে নাকাল খুলনা নগরবাসী
ঈদ সামনে রেখে খুলনা মহানগরে চলছে কেনাকাটার ধুম। এদিকে নগরের যেখানে-সেখানে পানির লাইন বসানোর জন্য খোঁড়াখুঁড়ি, রাস্তায় নামানো অগণিত ইজিবাইক ও ফুটপাত হকারদের দখলে থাকায় প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।
গত রোববার দেখা গেছে, মহানগরের গল্লামারী, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, পাওয়ার হাউস মোড়, ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, হাদিস পার্ক মোড়, রয়্যাল মোড়, সাতরাস্তা, রূপসা মোড়সহ বিভিন্ন এলাকায় কমবেশি যানজট লেগেই আছে। ওই এলাকাগুলোয় নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানির পাইপলাইন বসানোর কাজে খুলনা ওয়াসা প্রায় ৪০ কিলোমিটার সড়ক খোঁড়াখুঁড়ি করেছে। কিন্তু এর বেশির ভাগই এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। এ কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে রয়্যাল মোড় থেকে পিটিআই মোড় পর্যন্ত খানজাহান আলী সড়কের একপাশ বন্ধ রয়েছে। রাস্তার দক্ষিণ পাশের অংশ দিয়ে দুই দিকের যানবাহনই চলাচল করছে। এ কারণে সড়কটিতে প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। এ সড়কের কারণে পার্শ্ববর্তী আহসান আহমেদ রোড, শামসুর রহমান রোডসহ কয়েকটি সড়কেও যানজটের সৃষ্টি হচ্ছে।
অন্যদিকে ঈদ সামনে রেখে খুলনা যেন পরিণত হয়েছে রিকশা ও ইজিবাইকের নগরে। হাজারো ইজিবাইকের কারণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, নগরে লাইসেন্সধারী রিকশার সংখ্যা প্রায় ১৭ হাজার, আর ইজিবাইক রয়েছে ২ হাজার। তবে ট্রাফিক বিভাগের অনুমান, মহানগরে ৩০ হাজারের বেশি ইজিবাইক চলাচল করে।
গত রোববার দুপুরে ডাকবাংলো মোড়ে যানজটে আটকে পড়া রিকশাযাত্রী শারমিন আক্তার বলেন, ‘হাতে অল্প সময় নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। কিন্তু বিভিন্ন জায়গায় যে অনাকাঙ্ক্ষিত জট তৈরি হয়েছে, তাতে রাস্তায়ই সময় শেষ হয়ে গেছে। বিকেলের মধ্যে বাসায় ফিরতে পারব কি না সন্দেহ।’
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার সিদ্দিকুর রহমান বলেন, রাস্তা খুঁড়ে রাখার কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।