উত্তরাঞ্চলের আটটি জেলার কয়েক হাজার যানবাহন প্রতিদিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ওপর দিয়ে ঢাকা, রাজশাহীসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। শহর পারাপারে বিকল্প সড়ক (বাইপাস) এবং পদচারী-সেতু না থাকায় যানজটে নাকাল হচ্ছেন পৌরবাসী।
পৌর মেয়র আতাউর রহমান সরকার বলেন, যানজট নিরসনের জন্য বিকল্প সড়ক ও পদচারী-সেতু নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, নতুন করে বাইপাস সড়ক নির্মাণের জন্য সরকার এখন জমি অধিগ্রহণ করছে না। অন্য কোনো সড়ক সংস্কার করে বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।
পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সালে গোবিন্দগঞ্জ পৌরসভা গঠিত হয়। ১২ দশমিক ৭১ বর্গমাইল আয়তনের পৌরসভাটি ২০০৪ সালে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়। ৫০ হাজার লোকের এই পৌরসভায় ৩৮ কিলোমিটার সড়ক রয়েছে। এর প্রায় ২৫ কিলোমিটার কাঁচা।
পৌর শহরের কুটিবাড়ি এলাকার শামীম রেজা বললেন, সপ্তাহে দুই দিন মহাসড়ক ঘেঁষে গোলাপবাগ হাট বসে। হাটের দিন পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। বিশেষ করে স্কুল ও কলেজগামী ছেলেমেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়। এখানে পদচারী-সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
খলসি এলাকার বাদশা মিয়া বলেন, শুধু পৌরসভা নয়, উপজেলা শহর হিসেবেও এখানে উন্নয়ন হয়নি। ভারী যানবাহন ছাড়াও শহরে কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশাভ্যান চলাচল করে। এ কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে দুই পাশে গড়ে উঠেছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও হাটবাজার। এসব প্রতিষ্ঠান উত্তরে বোয়ালিয়া থেকে দক্ষিণে বকচর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এই দুই কিলোমিটার বিশ্বরোড হিসেবে পরিচিত।
বোয়ালিয়া এলাকার রায়হান মিয়া বলেন, বিশ্বরোড ঘেঁষে পশ্চিম পাশে রয়েছে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছে। বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘এই বিদ্যালয়ে দুই হাজারের বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করে। তাদের মহাসড়ক পারাপার নিয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। মহাসড়কের পূর্ব পাশ থেকে আসা শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।’
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের পাঁচ হাজারের বেশি যানবাহন এই শহরের ওপর দিয়ে যায়। ফলে শহরে যানজট লেগেই থাকে। কিন্তু বিকল্প সড়ক নির্মাণের দাবি বাস্তবায়িত হচ্ছে না।