যানজটে নাকাল দিনাজপুরবাসী
ঈদ সামনে রেখে দিনাজপুর শহরের অধিকাংশ রাস্তায় যানজট আরও বেড়ে গেছে। কোনো কোনো রাস্তায় এক ঘণ্টার বেশি সময় ধরে যাত্রীদের জটে আটকে থাকতে হচ্ছে। এ কারণে শহরবাসী ব্যাপক ভোগান্তিতে পড়েছে।
শহরবাসী, ট্রাফিক পুলিশ ও যানচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ সামনে রেখে মূলত ইজিবাইক বেড়ে যাওয়ায় শহরে যানজট বেড়ে গেছে। এ ছাড়া শহরে কেনাকাটা করতে আসা মানুষ ও পশুর হাট এবং বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহনের ধীরগতি এ জট আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর সদরের কলেজ মোড় থেকে পুলহাট পর্যন্ত সার্বক্ষণিক যানজট লেগে থাকে। শহরের প্রাণকেন্দ্র লিলির মোড় থেকে মডার্ন মোড়, বাহাদুর বাজার, বালুয়াডাঙ্গা ও চৌরঙ্গী পর্যন্ত যানজট এখন নিত্যদিনের সঙ্গী। এসব এলাকায় যানজটের তীব্রতা এতই বেশি যে কখনো কখনো তা এক ঘণ্টার বেশি সময় পর্যন্ত থাকে। এলাকাগুলোয় নিয়োজিত ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন।
পৌরসভার লাইসেন্স পরিদর্শক সুকুমার চক্রবর্তী বলেন, দিনাজপুরে এখন ২ হাজার ৯৩৮টি ইজিবাইকের লাইসেন্স রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও যানচালকেরা বলেন, কোরবানি ঈদ সামনে রেখে শহরে পশুর হাট বসেছে। রেলবাজার জোগেন বাবুর মাঠে চলছে পশু কেনাবেচা। বিভিন্ন জায়গা থেকে এখানে পশু আসছে। ঈদ উপলক্ষে কেনাকাটা করতে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ শহরে আসছে। তাদের পরিবহনের জন্য ইজিবাইক, ট্রাক্টরসহ অন্য যানবাহন বেড়ে গেছে। এ ছাড়া বন্যার কারণে রাস্তাঘাট ভেঙে গেছে। পিচ উঠে তৈরি হয়েছে গর্ত। এ কারণে যানবাহন ধীরে চলছে। শহরের কালীতলায় ঢাকার বাসের কাউন্টার এ যানজটকে বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ।
ইজিবাইকের চালক মো. সালাউদ্দিন শাহ বলেন, যানজটের কারণে অনেক সময় নষ্ট হচ্ছে। এ কারণে তাঁর আয় কমে গেছে। আগে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করতেন। যানজটের কারণে এখন দিনে ৩০০ থেকে ৪০০ টাকার বেশি আয় হয় না।
অপর চালক আবু সাইদ বলেন, ঈদ সামনে রেখে অনেক মৌসুমি চালক শহরমুখী হয়েছেন। এ কারণে শহরে যানবাহন বেড়ে গেছে। ফলে যানজট ব্যাপক আকার ধারণ করেছে।
দিনাজপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. সাদাকাতুল বারি প্রথম আলোকে বলেন, অতিরিক্ত ইজিবাইকের কারণে যানজট বেড়ে গেছে। ঈদ সামনে রেখে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।